চলমান করোনা ভাইরাসের আতঙ্কে অবরুদ্ধ মুন্সীগঞ্জ জেলা জনস্বাস্থ্য প্রকৌশল ভবনে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। রোববার (২৬ এপ্রিল) রাত ৮টার দিকে সেখানে পরপর দুটি গুলি করা হয়। ভবনের তৃতীয় তলার প্রকৌশল অধিদপ্তরটি নির্বাহী প্রকৌশলী কক্ষের জানালা ভেদ করে গুলি ভেতরে প্রবেশ করে বলে জানানো হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, ভয়ভীতি দেখিয়ে তিন কোটি টাকার কাজ বাগিয়ে নেওয়ার জন্য এ গুলি বর্ষণ হতে পারে।
নির্বাহী প্রকৌশলী মো. সাইফুল ইসলাম জানান, ৮টি প্যাকেজে প্রায় ৭ কোটি টাকার সাবমার্সেবল পাম্পসহ নলকূপ ও ওয়াশব্লক নির্মাণের টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে। এ কাজগুলোতে ১০ জন ঠিকাদার অংশ নিয়েছেন।
সোমবার (২৭ এপ্রিল) ঘটনাস্থল পরিদর্শন করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খন্দকার আশফাকুজ্জামান বলেন, “ঘটনাটি তদন্তাধীন। গুলির খোসাসহ অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।”
মুন্সীগঞ্জ সদর থানার ওসি আনিচুর রহমান বলেন, “করোনার এই দুর্যোগের মধ্যেও মূল শহরের ভেতরে এ ঘটনা পুলিশকে চ্যালেঞ্জে ফেলেছে। পুলিশ কাজ করে যাচ্ছে। এখন লিখিত অভিযোগ পেলেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।”
মুন্সীগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার বলেন, “এফআইআর করার জন্য আমরা বলে দিয়েছি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথেও কথা হয়েছে।”
বার্তাবাজার/এসজে