ত্রাণ বিতরণে স্বচ্ছতা আনতে ভিডিও ধারণের নির্দেশ

পুরো ত্রাণ বিতরণ কার্যক্রমের ভিডিও সংরক্ষণ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা প্রশাসন। এক ব্যক্তির একাধিক বার ত্রাণ নেওয়া ঠেকাতে এবং ত্রাণ বিতরণে আরও স্বচ্ছতা আনতে এ নির্দেশনা দেওয়া হয়।

তবে এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বা অন্যকোথাও দেওয়া যাবে না। শুধুমাত্র ইউনিয়ন ডিজিটাল সেন্টারের আর্কাইভে রাখা যাবে ধারণকৃত ভিডিও।

হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রুহুল আমিন স্বাক্ষরিত ওই নির্দেশনায় উল্লেখ করা হয়, করোনার প্রভাবে কর্মহীনদের মধ্যে খাদ্য সহায়তা দেওয়ার পর তা পেয়েও অনেকে জনপ্রতিনিধিদের বিরুদ্ধে অসম্মানজনক মন্তব্য করছেন।

‘স্থানীয় জনপ্রতিনিধিদের কর্মকাণ্ডে স্বচ্ছতা আনতে ত্রাণ গ্রহণকারীর ছবি ও ভিডিও ধারণ করে তা তারিখ অনুযায়ী ইউনিয়ন ডিজিটাল সেন্টারে আর্কাইভে রাখতে হবে। তবে ধারণকৃত ছবি বা ভিডিও কোনোভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া যাবে না।’

এছাড়া একাধিকবার যারা ত্রাণ সংগ্রহ করেছেন, তাদের আলাদা তালিকা তৈরি করার নির্দেশনা দেওয়া হয়েছে ইউপি চেয়ারম্যানদের।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রুহুল আমিন জানান, হাটহাজারীতে গত একমাসে প্রায় ৭০ হাজার পরিবারকে সরকারি, বেসরকারি উদ্যোগে ত্রাণ দেওয়া হয়েছে। এরপরেও কেউ কেউ অভিযোগ করছেন- তারা ত্রাণ পাননি।

তিনি বলেন, এক ব্যক্তি একাধিকবার সরকারি, বেসরকারি ত্রাণ সংগ্রহের প্রমাণ পেয়েছি আমরা। একই পরিবারের একাধিক ব্যক্তি ভিন্ন ভিন্ন ফোন নম্বর এবং এনআইডি কার্ড ব্যবহার করেও ত্রাণ সংগ্রহ করছেন।

এ কারণে ত্রাণ কার্যক্রমে আরও স্বচ্ছতা আনতে এবং একাধিকবার ত্রাণ সংগ্রহ করা ব্যক্তিদের চিহ্নিত করতে সরকারি, বেসরকারি সব ত্রাণ বিতরণের ভিডিও এবং স্থির চিত্র সংরক্ষণের নির্দেশ দিয়েছি আমরা। তবে এসব ভিডিও ছবি কোনোভাবেই বাইরে দেওয়া যাবে না।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর