বরিশালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না থাকায় পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রের কর্মীদের মারধর করার অভিযোগ উঠেছে সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান সুজনের বিরুদ্ধে।
গত শনিবার বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের দিনারের পুল এলাকায় এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। তবে মারধরের ঘটনা অস্বীকার করেছেন অভিযুক্ত ছাত্রলীগ নেতা।
বরিশাল পল্লী বিদ্যুৎ কেন্দ্রের জিএম শংকর কুমার কর জানান, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না থাকার অভিযোগে আশিকুর রহমান সুজন তার লোকজন নিয়ে উপকেন্দ্রের লাইনম্যান জাফর ইকবালকে মারধর করে। মারধরের হাত থেকে রক্ষা করতে এগিয়ে গেলে জাফরের সহকর্মী মাহফুজ, পরিতোষ ও সুমনকেও মারধর করা হয়। এ ঘটনায় পল্লী বিদ্যুতের পক্ষ থেকে এজিএম মানবেন্দ্র সরকার থানায় মামলা দায়ের করেন।
সুজনের বিরুদ্ধে মামলা দায়েরের কথা নিশ্চিত করেছেন পুলিশ।
সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান সুজন বলেন, রমজান মাসে সেহেরি, ইফতার, নামাজ কোন সময়ই তার এলাকার লোকজন বিদ্যুৎ পাচ্ছিলো না। এতে অতিষ্ঠ হয়ে এলাকার লোকজন বিদ্যুৎকেন্দ্রে গিয়ে এ ঘটনার কারণ জানতে চায়। তখন লাইনম্যান জাফর ইকবাল এলাকাবাসীদের সাথে উদ্ধত্যপূর্ণ আচরণ করেন। তাকে কেউ মারধর করেনি বলে দাবি ছাত্রলীগ নেতার।
মামলার ঘটনায় তিনি হতবাক এবং এটি তার বিরুদ্ধে চক্রান্ত বলে মনে করেন এই ছাত্রলীগ নেতা।
বার্তাবাজার/কে.জে.পি