বাড়ি থেকে ডেকে নেওয়ার ২২ঘন্টা পর পদ্মা নদীতে ভেসে উঠল যুবকের লাশ

ফরিদপুরে এক যুবককে বাড়ি থেকে ডেকে নেয়ার ২২ ঘন্টা পর পদ্মা নদীতে তার লাশ ভেসে উঠেছে। নিহত ওই যুবকের নাম জহিরুল ইসলাম (৩০)। তিনি চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের বিএস ডাঙ্গী গ্রামের বাসিন্দা ইউসুফ আলী খানের ছেলে। এক ছেলে ও এক মেয়ের জনক নিহত তানভীর।

নিহতের পরিবার জানায়, গত শনিবার সন্ধ্যা সাতটার দিকে জহিরুলকে মুঠোফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তার বন্ধু বালিয়া ডাঙ্গী গ্রামের শাহীন মোল্লা (৩২)। তারা পদ্মা নদীতে মাছ ধরতে যাবে এ কথা বলে জহিরুলকে নিয়ে যায়। তাদের সাথে ছিলেন ফাজিলখার ডাঙ্গী গ্রামের কাওসার মন্ডল (৪১) এবং বিএস ডাঙ্গী গ্রামের রুবেল ব্যাপারী (৩১)।

জহিরুলের স্ত্রী আসমা বেগম জানান, জহিরুল ওদের সাথে যেতে রাজী ছিল না। পরে আমিও ফোনে বলি জহিরুল যাবে না। কিন্তু শাহীনের পীড়াপীড়িতে এক পর্যায়ে জহিরুল যেতে রাজী হয়। এর দেড় ঘণ্টা পর শনিবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে শাহীন, কাওসার ও রুবেল এসে জানায় তারা চার বন্ধু নৌকা নিয়ে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। এর মধ্যে নৌকাটি ডুবে গেলে তারা তিনজন জেলেদের সহায়তায় সাঁতরিয়ে পাড়ে উঠতে সক্ষম হলেও জহিরুল উঠতে পারেনি।

তিনি বলেন, ২৬ এপ্রিল রবিবার বিকেল ৫টার দিকে পদ্মা নদীতে গোপালপুর চর এলাকায় জহিরুলের লাশ ভেসে উঠে। পরে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে চরভদ্রাসন থানার পুলিশ সন্ধ্যা ৬টার দিকে জহিরুলের লাশটি পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে চরভদ্রাসন থানার তদন্ত কর্মকর্তা আব্দুল গাফফার জানান, এ ব্যাপারে জহিরুলের স্ত্রী আসমা বেগম রবিবার থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। লাশটি সোমবার সকালে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর