‘মানবতার ইফতার বাজার’ নামে ঢাকার সাভারে উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব এর অনুপ্রেরণায় উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিকুর রহমান আতিকের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাসব্যাপী এই প্রচেষ্টা চলমান রয়েছে। সোমবার (২৭ এপ্রিল) রমজানের তৃতীয় দিনে সাভার সিটি সেন্টারের সামনে ডাকসু’র জিএস গোলাম রাব্বানীর উপস্থিতিতে পাঁচশত গরীব ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় গোলাম রাব্বানী বলেন, দেশের যেকোনো দূর্যোগকালীন সময়ে বাংলাদেশ ছাত্রলীগ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। করোনা সঙ্কটকালেও এর ব্যতিক্রম হয়নি। সাভার উপজেলা ছাত্রলীগ আতিক নিজ উদ্যোগে এই যে মাসব্যাপী গরীব মানুষের মাঝে ইফতার বিতরণ করে চলেছে এজন্য তাকে সাধুবাদ জানাই। এই কাজের দ্বারা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা- করোনায় দেশের একজন মানুষও যেন না খেয়ে থাকে, সে বিষয়টি বাস্তবায়নে আতিকের এই ক্ষুদ্র প্রচেষ্টাও যোগ হলো।

এর আগে, সোমবার (২৭ এপ্রিল) সারাদিন ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের চর সুঙ্গর এলাকায় সরাসরি প্রান্তিক কৃষকের কাছ থেকে ন্যায্যমূল্য নিশ্চিতপূর্বক প্রায় ১৫০০ কেজি শাক-সবজি সংগ্রহ করেন ডাকসু’র জিএস গোলাম রাব্বানী। এসব ক্রয়কৃত শাক-সবজি আগামীকাল সকাল থেকে গরীব ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হবে। এসময় তার সাথে ছিলেন সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিক।
গণমাধ্যমকে এব্যাপারে গোলাম রাব্বানী জানান, এই দুর্যোগকালীন সময়ে ট্রান্সপোর্ট সমস্যা, ক্রেতা কম থাকায় এবং মধ্যসত্ত্বভোগীদের দৌরাত্ম্যে চাষীরা ন্যায্যমূল্য পাচ্ছেন না। দেশের অনেক স্থানে সময়মত বিক্রি করতে না পারায় অনেক শাক-সবজি পচে যাচ্ছে। ফলে কৃষকরা বেশ ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

এছাড়াও তিনি সকলের উদ্দেশ্যে আহ্বান করেন, সারাদেশে যারা ত্রান-সাহায্য বা ভালোবাসার উপহার দিচ্ছেন, তারা চাল-ডালের পাশাপাশি টাটকা শাকসবজিও দিতে পারেন। আর এসব সবজি বাজার থেকে না কিনে, সরাসরি নিজ নিজ এলাকার প্রান্তিক কৃষকের কাছ থেকে কিনুন। এতে যাদের উপহার দেবেন, তারা যেমন ফরমালিনমুক্ত টাটকা শাকসবজি পাবে, আবার চলমান সংকটে কৃষক ভাইরাও বেশ উপকৃত হবে।

করোনা ভাইরাস মহামারীর মধ্যে ডাকসু’র জিএস গোলাম রাব্বানী এবং সাভার উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিক, নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে গরীব ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোয় সাধুবাদ জানিয়েছে সাভার ও ধামরাইবাসী।