ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুপক্ষের সংঘর্ষে ২ মাস বয়সী এক শিশুর প্রাণ গিয়েছে। সোমবার (২৭ এপ্রিল) উপজেলার গোকর্ন ইউনিয়নে বসতভিটার রাস্তা নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম ফারিয়া। সে গোকর্ন ইউনিয়নের কবির মিয়া ও জোস্না বেগমের সন্তান।
নাসিরনগর থানার তদন্ত কর্মকর্তা মো. কবির হোসেন জানান, বিয়ের পর থেকেই জোস্না বেগম তার বাবার বাড়িতে বাস করে আসছিল। কিছুদিন আগে তিনি বাড়ি করার জন্য গোকর্ণ ইউনিয়নের পশ্চিম পাড়ায় জমি কেনেন।
তার জমির পাশেই জমি কেনেন জসিম মিয়া নামের স্থানীয় এক ব্যক্তি। দুই জমিতে চলাচলের রাস্তা নিয়ে তাদের মধ্যে বিবাদ চলছিল। এর জের ধরে সোমবার বিকেলে জসিম ও জোস্নার মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে জসিম ১০/১৫ জন লোকসহ দেশিয় অস্ত্র নিয়ে জোস্নার ওপর হামলা করে।
এসময় জোস্না প্রাণ বাঁচাতে পাশের বাড়ির শাহাজান মিয়ার ঘরে গিয়ে আশ্রয় নেন। জসিম লোকজন নিয়ে সেখানে গিয়ে হামলা করে। এই সময় জোস্নার কোলে থাকা দুই মাসের শিশু ফারিয়ার মাথায় আঘাত লাগে। এর কিছুক্ষণ পরই সে মারা যায়।
পুলিশ কর্মকর্তা আরও জানান, এই ঘটনায় থানায় মামলার দায়েরের প্রস্তুতি চলছে। আসামিদের গ্রেফতারে পুলিশের তিনটি টিম কাজ করছে।
বার্তা বাজার / ডাব্লিও.এস