শ্রীবরদীতে পাওনা টাকা চাইতে গিয়ে লাঠির আঘাতে বৃদ্ধের মৃত্যু

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় ছেলের পাওনা টাকা চাইতে গিয়ে লাঠির আঘাতে আবদুল্লাহ ওরফে দোলা (৬৬) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহতের বাড়ি উপজেলার ভায়াডাংগা দড়িপাড়া গ্রামে।

জানা যায়, ২৭ এপ্রিল সোমবার বিকেলে আবদুল্লাহ তার দুই ছেলেকে নিয়ে টারুর কাছে পাওনা টাকা চাইতে যান। পাওনা টাকা নিয়ে আবদুল্লাহ ওরফে দোলার ছেলে নিয়ামত উল্লাহর সাথে মমতাজ ওরফে টারুর বিরোধও চলছিল অনেক দিন যাবৎ।

কিছুদিন আগে গ্রাম্য সালিস ফয়সালার মাধ্যমে তাকে দ্রুততম সময়ের মধ্যে টাকা ফেরত দেওয়ার নির্দেশনাও দেয় এলাকার মরুব্বিরা। কিন্তু তারপরও টাকা না দিয়ে উল্টা তালবাহানা করে আসছিল।

তার জের ধরে টাকা চাইতে গেলে প্রথম অবস্থায় স্বাভাবিক কথাবার্তা চললেও কথার অমিল তৈরি হয়ে ঝগড়ার রুপ নেয়। একপর্যায়ে টারু লোকজন নিয়ে তাদের ওপর হামলা করে এবং লাঠি দিয়ে আবদুল্লাহর মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং মারা যান।

ওইসময় নিহতের দুই ছেলে বাবাকে উদ্ধার করতে গেলে সংঘর্ষ বাঁধে। এতে উভয়পক্ষের অন্তত ৭ জন আহত হন। ঘটনার খবর পেয়ে শ্রীবরদী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে শেরপুর সদর থানার মর্গে পাঠায় এবং মমতাজ ওরফে টারুসহ দুইজনকে আটক করে।

ওই ঘটনায় নিহতের দুই ছেলে নিয়ামত (২৪) ও দিয়ানত (৩৫) এবং ভাই আব্দুল কাদের (৫০) সহ ৭ জন আহত হয়ে জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। ঘটনায় জড়িত ওই গ্রামের মমতাজ ওরফে টারু (৪০) সহ ২ জনকে আটক করেছে পুলিশ। আহত অবস্থায় তিনিও জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনার সত্যতা স্বীকার করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, ওই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহতের লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর