মধ্যপ্রাচ্যের ১১ রাষ্ট্রদূতকে বিশেষ নির্দেশনা দিলেন পররাষ্ট্রমন্ত্রী
মহামারি করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে দুর্দশাগ্রস্ত প্রবাসীদের জন্য খাদ্য সহায়তা প্রদানের পাশাপাশি প্রবাসী শ্রমিকরা যেন পরিস্থিতি স্বাভাবিক হলে আগের চাকরিতে পুনর্বহাল হতে পারেন সে জন্য সব ধরনের কূটনৈতিক তৎপরতা গ্রহণের নির্দেশনা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন।
সোমবার (২৭ এপ্রিল) মধ্যপ্রাচ্যের ১১ রাষ্ট্রদূত ও মিশনপ্রধানের সাথে পররাষ্ট্রমন্ত্রীর ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। কনফারেন্সে মন্ত্রী এসব নির্দেশনা দেন।
যে ১১ দেশের রাষ্ট্রদূত ও মিশনপ্রধানরা অংশ নেন- সৌদি আরব, কাতার, কুয়েত, জর্ডান, লেবানন, ইরাক, ইরান, লিবিয়া, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও ওমান।
উদ্ভূত পরিস্থিতিতে প্রবাসী শ্রমিকদের কেউ যদি ফেরত আসে তবে যেন তাদের ন্যায্য বেতন ও ভাতা পেতে পারে সে বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা ও কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখতে বললেন পররাষ্ট্রমন্ত্রী।
এ সময় তিনি বলেন, আমরা প্রবাসীদের অগ্রাধিকার ভিত্তিতে সেবা দিব।
ড. মোমেন প্রবাসী বাংলাদেশীদেরকেও দুর্দশাগ্রস্ত প্রবাসীদের পাশে দাঁড়ানোর আহবান জানান। এসময় তিনি সকল প্রবাসীকে করোনা স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।
ভিডিও কনফারেন্সে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।
এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের সকল বৈদেশিক মিশনের কর্মকর্তা-কর্মচারীকে স্বাস্থ্যবিধি মেনে সতর্কতার সাথে দায়িত্ব পালনের আহবান জানান।
বার্তা বাজার / ডাব্লিও.এস