পবিত্র রমজানে বিষোদগার ও মিথ্যাচারের রাজনীতি পরিহার করে ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে দাঁড়ানোর জন্য বিএনপি’র প্রতি আহবান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ সোমবার(২৭ এপ্রিল) বিকেলে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দেয়া বক্তব্যে তিনি এ আহবান জানান।
তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস মোকাবেলায় মানুষের জীবন রক্ষা, খাদ্য সহায়তাদান ও অর্থনীতিকে চাঙ্গা রাখতে জিডিপির ৩ দশমিক ৫ শতাংশের বেশি প্রণোদনা ঘোষণাসহ যেসব পদক্ষেপ নিয়েছেন, তা আজ সমগ্র বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ও বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্বস-ও প্রধানমন্ত্রীর এসকল কর্মকাণ্ডের প্রশংসা করেছে।
তিনি আরও বলেন, ‘কিন্তু আমরা দেখছি, বিএনপি তাদের বিষোদগারের রাজনীতি পরিহার করতে পারেনি এবং গতকাল রিজভী সাহেব যে ভাষায় কথা বলেছেন, আমি তাকে অনুরোধ জানাবো রমজান মাসে কথাবার্তায় একটু সংযমী হবার জন্য। তিনি আরও বলেন, ‘রমজান মাসে বিষোদগার ও মিথ্যাচারের রাজনীতি পরিহার করে ঐক্যবদ্ধভাবে আমাদের জনগণের পাশে দাঁড়ানো প্রয়োজন।’
এসময় আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা ও উপ-দফতর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/কে.জে.পি