নড়িয়ায় প্রভাবশালীর শেল্টারে ফসলি জমিতে চলছে অবৈধ ড্রেজার

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় নিয়মনীতির তোয়াক্কা না করে এক প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে ফসলি জমি থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছে। এতে হুমকির মুখে পড়েছে পার্শবর্তী এলাকার কয়েক’শ একর আবাদি জমি ও ঘরবাড়ি। নষ্ট হয়ে গেছে ওই এলাকার জনসাধারণের চলাচলের রাস্তা।

শনিবার (২৫ এপ্রিল) দুপুর ২ টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার মুক্তারেরচর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বঙ্গবাজারের পূর্ব পাশের এলাকার ফসলি জমির ভেতর চলছে ড্রেজার দিয়ে মাটি কাটার হিড়িক। আরমান সরদারের ছেলে গিয়াস উদ্দিন সরদার ও আমিনুল সর্দার উপজেলার বিভিন্ন নেতার শেল্টারে ড্রেজার বসিয়ে দীর্ঘদিন থেকে তার বাড়ির পার্শবর্তী এলাকা থেকে অবৈধভাবে ফসলি জমি থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করে আসছে। বালু উত্তোলন এলাকার পার্শ্ববর্তী আবাদি জমি হুমকির মুখে পড়ছে। অবৈধ ড্রেজারের মাধ্যমে প্রভাবশালী চক্রের সদস্যরা পরিবেশের ভারসাম্য নষ্ট করে প্রকাশ্যে এমন অপকর্ম চালিয়ে গেলেও নীরব পরিবেশ অধিদপ্তর। তবে জেলা প্রশাসনের দাবি, অবৈধ ড্রেজারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করছে তারা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ড্রেজারের কারণে পাশের ফসলী জমি ভেঙ্গে পড়ছে। পাশাপাশি ঝুঁকিতে রয়েছে পাশের বসতবাড়ি। এভাবে ড্রেজার চললে আমাদের বাড়িঘর ভেঙ্গে পুকুরে পড়বে। আমাদের দেখার কেউ নেই। প্রশাসন নিরব।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, উপজেলা আ.লীগের এক নেতার শেল্টারে এখানে ড্রেজার দিয়ে মাটি বিক্রি চলছে। আমরা তাদের বিরুদ্ধে কোন কথা বলতে পারি না।

আকলিমা বেগম বলেন, আমার স্বামী পরের ক্ষেতে কামলা দিয়ে খায়। অনেক আশা ভরশা কইরা জমিডা কিনছি। খাইয়া না খাইয়া। পোলাপানের আসা ভরসা আছেনা। এখন যদি জমি সহ ঘর ড্রেজারের কারণে পুকুরে ভেতর ভেঙে পড়ে। তইলে আমারা কই জামু।

এব্যাপারে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়ন্তী রুপা রায় বলেন, ফসলি জমি থেকে ড্রেজার দিয়ে মাটি কাটার কথা আমাকে কেউ অবগত করেনি। আপনার থেকেই জানতে পেলাম। অবৈধভাবে ফসলি জমি থেকে বালু উত্তোলনকারীর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর