সারাবিশ্বে গুজব উঠেছে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন মারা গেছে। এবার সব গুজব ছাড়িয়ে নিজ দেশের পর্যটন এলাকার কর্মীদের ‘শুভেচ্ছা পাঠালেন’ উত্তর কোরিয়ার প্রধান নেতা কিম জং উন। তার দেশের প্রধান সংবাদমাধ্যম রোডং সিনমুন সেই শুভেচ্ছা বার্তা ছাপিয়ে প্রকাশ করেছে। একইসাথে আরেক পত্রিকা দ্য কোরিয়া হেরাল্ডও এই খবর দিয়েছে।
দুটি পত্রিকাই লিখেছে, ‘ওনসান-কালমা পর্যটন অঞ্চলে যারা কাজে নিয়োজিত রয়েছেন, তাদের শুভেচ্ছা জানিয়েছেন সুপ্রিম লিডার কিম জং-উন।’
কিমকে নিয়ে প্রথম আলোচনা শুরু হয় গত ১৫ এপ্রিল। তার দাদা ও দেশটির প্রতিষ্ঠাতা কিম ইল সুংয়ের জন্মদিনের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে তাকে দেখা যায়নি। তার এ অনুপস্থিতি নিয়ে শুরু হয় জল্পনা কল্পনা।
এরপর উত্তর কোরিয়ার পক্ষ ত্যাগকারীদের মিডিয়া অনলাইন ডেইলি এনকে’র খবরে বলা হয়, হৃৎপিণ্ডে অস্ত্রোপচারের পর নর্থ পিয়ংগাও প্রদেশে কিমের চিকিৎসা চলছে।
দুদিন আগে হংকংয়ের একটি টেলিভিশনে আবার কিমের মৃত্যুর খবর আসে। একই সঙ্গে রয়টার্স জানায়, কিমের চিকিৎসার জন্য চীন থেকে বিশেষজ্ঞ চিকিৎসক পাঠানো হয়েছে।
তার আবার এমন উধাও হয়ে যাওয়ারও ইতিহাস আছে। এর আগে ২০১৪ সালে প্রায় এক মাস কোনো খবর ছিল না। হঠাৎ একটি ভিডিওতে দেখা যায়, তিনি সৈকতে হাঁটছেন।
বার্তাবাজার/এসজে