করোনা শনাক্তের ৫০ দিন : যুক্তরাষ্ট্র-ভারতের চেয়ে খারাপ অবস্থায় বাংলাদেশ!

প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্তের ৫০তম দিন পার করলো বাংলাদেশ। দিনটিতে চীন-ইতালি-স্পেন-যুক্তরাজ্যের চেয়ে ভালো হলেও যুক্তরাষ্ট্র-ভারতের চেয়ে খারাপ অবস্থায় রয়েছে বাংলাদেশের।

আক্রান্তদের একটি বড় অংশ স্বাস্থ্যকর্মী, পুলিশ ও বিভিন্ন জরুরি সেবাকর্মী বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

রোববার (২৬ এপ্রিল) নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরটি জানায়, দেশে করোনা শনাক্তের ৫০তম দিনে আক্রান্তের সংখ্যা সাড়ে ৫ হাজার। মৃত্যু হয়েছে ১৪৫ জনের। এছাড়াও ১২২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বিশ্লেষণ বলছে, করোনা শনাক্ত হওয়ার ৫০ দিনের মধ্যে চীন-ইতালি-স্পেন-যুক্তরাজ্যের চেয়ে বাংলাদেশের পরিস্থিতি অনেক ভালো হলেও যুক্তরাষ্ট্র এবং ভারতের চেয়ে অনেক খারাপ।

বাংলাদেশে প্রথম করোনা শনাক্ত হয় ৮ মার্চ। সে হিসেবে ৫০তম দিনে মোট আক্রান্ত ৫ হাজার ৪১৬ জন, আর মোট মৃত্যু ১৪৫।

চীনে ৫০ দিনের মাথায় আক্রান্ত ছিল ৭৪ হাজার ৫৭৬ জন, মৃত্যু দুই হাজার ১১৮ জন, ইতালিতে আক্রান্ত ছিল ৫৩ হাজার ৫৭৮, মৃত্যু ছিল চার হাজার ৮২৫ জনের, স্পেনে ২৫ হাজার ৪৯৬ আক্রান্ত ছিল আর মৃত্যু সংখ্যা ছিল এক হাজার ৩৮১ জন।

যুক্তরাজ্যে ৫০তম দিনে মোট আক্রান্ত ছিল পাঁচ হাজার ১৮ জন, আর সে সময়ে ২৩৩ জনের মৃত্যু হয়েছিল।

শনাক্তের অর্ধশততম দিনে যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছিলেন মাত্র ২২১ জন, আর মুত্যু ছিল ১২ জনের। পাশের দেশ ভারতে এই সময়ে আক্রান্তের সংখ্যা ছিল ২৪৯, মৃত্যু ৫ জনের।

শনাক্তের ৫০তম দিনে বাংলাদেশে আক্রান্ত এবং মৃত্যু যুক্তরাষ্ট্র এবং ভারতের চেয়ে বেশি। যুক্তরাজ্যের চেয়ে আক্রান্ত সংখ্যা একটু বেশি হলেও মৃত্যু সংখ্যা কম।

তবে চীন-ইতালি-স্পেনের চেয়ে সবদিক থেকেই বাংলাদেশের অবস্থা ভালো।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর