দেড় মাস পর বাড়ির বাইরে স্পেনের শিশুরা

প্রাণঘাতী করোনায় বিপর্যস্ত দেশগুলোর মধ্যে অন্যতম স্পেন। লকডাউনের মধ্যে শিশুদের মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনা করে রবিবার থেকে ১৪ বছরের কমবয়সী শিশুদের বাড়ির বাইরে বের হওয়ার অনুমতি দেওয়ার ঘোষণা দেয় সরকার।

ফলে ছয় সপ্তাহেরও বেশি সময় জরুরি অবস্থায় ভেতর বাড়িতে থাকার পর মুক্ত বাতাস নিচ্ছে দেশটির শিশুরা। সকাল থেকে রাজধানী মাদ্রিদ ছাড়াও গোটা দেশের শিশুদের বাবা-মায়েদের সঙ্গে বাড়ির বাইরে বের হতে দেখা যায়।

স্পেনের মানুষ জরুরি অবস্থা জারি থাকার কারণে অতি প্রয়োজনীয় কাজ ছাড়া বাড়ির বাইরে বের হতে পারছেন না। দোকানপাট আর অর্থনৈতিক কার্যক্রম ছাড়াও বন্ধ রয়েছে খেলার মাঠ, পার্ক, জাদুঘরসহ অন্যান্য বিনোদন কেন্দ্র। তাই সরকারের এমন সিদ্ধান্তে শিশু ও তাদের অভিভাবকরা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।

নতুন নির্দেশনা অনুযায়ী, স্পেনের অনূর্ধ্ব ১৪ বছর বয়সী প্রায় ৬৩ লাখ শিশু এখন প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টার মধ্যে মাত্র এক ঘণ্টার জন্য বাড়ির বাইরে থাকতে পারবে। তাদের গন্তব্য হবে বাড়ির এক কিলোমিটারের গন্ডির মধ্যে, সঙ্গে থাকবে বাবা-মা কিংবা পরিবারের কোনো জ্যেষ্ঠ ব্যক্তি। আর একদলে তিন জনের বেশি হবে না।

করোনা সংক্রমণ কমতে শুরু করেছে স্পেনে। রবিবার দেশটিতে নতুন করে ২৮৮ জন মারা গেছে। এখন পর্যন্ত দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ২৩ হাজার ১৯০ জনের এবং আক্রান্ত হয়েছে ২ লাখ ২৬ হাজার ৬২৯ জন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর