সৌদি আরবে বিপাকে বাংলাদেশি ব্যবসায়ীরা

করোনাভাইরাসের ভয়াল থাবা থেকে বাঁচতে পৃথিবীর বিভিন্ন দেশের মতো লকডাউন ও কারফিউ চলছে সৌদি আরবেও। আর এ লকডাউনের মধ্যে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। যার ফলে বিপাকে পড়েছেন দেশটিতে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীরা।

আজ সোমবার দেশটিতে চতুর্থ রোজা পালন হবে। কিন্তু করোনা রোধে অনির্দিষ্টকালের জন্য কারফিউ এবং লকডাউন বলবৎ থাকায় বিপদে পড়েছেন ইফতার সামগ্রীসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রেতারা। রোজায় বাংলাদেশিদের প্রিয় খাবার ছোলা-মুড়ি, চিড়া, পিয়াজু, বেগুনি, জিলাপিসহ অন্যান্যসব খাবার বিক্রেতারা এবার তাদের ব্যবসায় ঠিকভাবে পরিচালনা করতে পারছেন না।

মক্কার হালাকা (সবজি মার্কেট) ও নাক্কাসা এলাকায় যেখানে বেশিরভাগ প্রবাসী বাংলাদেশি জড়ো হতেন, সে এলাকা এখন নির্জীব। নিয়ন্ত্রিতভাবে প্রবাসী ব্যবসায়ীরা সেখানে বেচা-কেনা করছেন, তাও খুবই সীমিত। ব্যস্ততা অন্যান্য সব বছরগুলোর চেয়ে কম।

প্রতিবছর রমজানে মক্কা, জেদ্দা, রিয়াদ, মদিনা, দাম্মাম, কামিস মোসায়েত, তায়েফ, আল কাসিমসহ বিভিন্ন এলাকায় বাংলাদেশি রেস্টুরেন্টগুলোতে সাহরি ও ইফতারের জন্য ভীড় লেগে থাকতো। কিন্তু করোনা পরিস্থিতির কারণে প্রায় সবগুলো এলাকাতেই বাংলাদেশি ব্যবসায়ীরা খালি হাতে বসে আছেন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর