সেলুনে চুল কেটে করোনায় আক্রান্ত ৬

ভারতের মধ্যপ্রদেশে ঘটেছে এই ঘটনা। জানা যায়, একই কাপড় ব্যবহার করে ওই ছ’জনের চুল-দাড়ি কেটেছিলেন এক নাপিত

ভারতের মধ্যপ্রদেশের এক সেলুনে চুল-দাড়ি কাটতে গিয়েছিলেন ৬জন গ্রামবাসী। পরবর্তীতে জানা গিয়েছে, তারা প্রত্যেকেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরপরই গ্রামটি লকডাউন করে দেয় পুলিশ।

মধ্যপ্রদেশের খারগোনে জেলার বারগাঁওয়ে ঘটেছে এই ঘটনা। জানা যায়, একই কাপড় ব্যবহার করে ওই ছ’জনের চুল-দাড়ি কেটেছিলেন এক নাপিত। এক প্রতিবেদনে এখবর জানায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

গত ৫ এপ্রিল ইন্দোরের হোটেলে কাজ করা গ্রামের এক বাসিন্দা গ্রামে ফিরে চুল-দাড়ি কাটতে ওই সেলুনে যান। পরে তার শরীরে কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়ে। পরে ওইদিন আরও যে ১২জন সেলুনে গিয়েছিলেন তাদেরও পরীক্ষা করানো হয়। তাদের মধ্যে ছ’জনের শরীরে সংক্রমণ মিলেছে।

তবে সেলুনের নাপিতের পরীক্ষার ফল নেগেটিভ এসেছে বলে জানা গিয়েছে।

গত ২৬ মার্চ থেকে ভারতব্যাপী লকডাউন চলছে। শনিবার (২৫ এপ্রিল) রাতে কেন্দ্রীয় সরকার এক নির্দেশে জানিয়েছে কিছু দোকান খোলা যাবে তবে শর্তসাপেক্ষে।

এদিকে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১,৯৯০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফলে ভারতে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছালো ২৬,৪৯৬ জনে ও মৃত্যু হয়েছে ৮২৪ জনের।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর