প্রানঘাতি করোনার আঘাতে বিপর্যস্ত জনজীবন যখন লকডাউনের কবলে তখন কর্মহীন, অসহায় ও দরিদ্রদের মাঝে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় খাদ্য সামগ্রী বিতরণ করছেন, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নুরুল করিম জুয়েল।
রবিবার প্রাকৃতিক বৈরি আবহাওয়া কাল বৈশাখি ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে তার নিজগ্রামের পাশে ছোট ফেনী নদী পার হয়ে মানুষের জন্য খাদ্যসামগ্রী নিয়ে ঘরে ঘরে পৌঁছে দেন।
তবে সাবেক এ ছাত্রনেতার খাদ্যসামগ্রী বিতরণের ধরণটা অন্যদের চাইতে একটু ভিন্ন। তিনি খাদ্যসামগ্রী বিতরণ নিজ হাতে বহন করে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন। তাও আবার দিনের আলোয় প্রচার প্রচারনা ছাড়া। রাতের আঁধারে নীরবে নিভৃতে চালিয়ে যাচ্ছেন এ সহায়তা। পাশাপাশি করোনাভাইরাস থেকে রক্ষা পেতে জনগণকে সচেতন করার জন্যও চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে উপজেলার চরহাজারী, চরপার্বতী, মুছাপুর ও চরএলাহী ইউনিয়নে কর্মহীন হয়ে বিপর্যস্ত ১ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী, ৫শ জনের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার ও ৩শ ব্যক্তির মাঝে মাস্ক বিতরণ করেছেন। তিনি বেশকিছু বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র-ছাত্রীদের পরিবারকে বিকাশের মাধ্যমে নগদ অর্থ এবং বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা’র তহবিলে ৫০ হাজার টাকা প্রদান করেন।
বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নুরুল করিম জুয়েল বলেন, সমাজের ভিত্তশালী ব্যক্তিরা এগিয়ে আসলে এবং যার যার অবস্থানের আলোকে সহযোগিতা করলে এই করোনা দুর্যোগে আমরা বিজয়ী হতে পারবো। এ দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানোর এখনই সময়। তাই সমাজের সকল ভিত্তবান মানুষকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।
বার্তা বাজার / ডাব্লিও.এস