প্রায় দুই ঘণ্টা বিদ্যুতের তারে আটকে থেকেও প্রাণে বাঁচলেন সিহাবুর রহমান (৩৮) নামে এক পল্লী বিদ্যুৎকর্মী। ঘটনাটি ঘটে বরগুনার জেলার আমতলীতে। বেঁচে গেলেও মারাত্মক আহত হন তিনি। তারপর তাকে উদ্ধার করে বরিশালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ভর্তি করা হয়েছে।
আজ রোববার ঘটনাটি ঘটে উপজেলার সাহেববাড়ী এলাকায়। বিকেল ৫টার দিকে লাইন মেরামত করতে দিয়ে দুর্ঘটনার শিকার হন পল্লী বিদ্যুতের লাইনম্যান সিহাবুর রহমান। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে আমতলী ফায়ার সার্ভিস।
আমতলী পল্লী বিদ্যুৎ জানিয়েছে, সাহেববাড়ী এলাকায় বিদ্যুৎ সরবরাহের লাইন ঠিক করতে যান লাইনম্যান সিহাবুর রহমান। বিদ্যুতের থামে ওঠার পর অসাবধানতাবশত তার পা লাইনের তারে লেগে যায়। এতে বিদ্যুতায়িত হয়ে পড়েন সিহাবুর। সঙ্গে সঙ্গে ওই স্থানের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। কিন্তু তার পা পুড়ে যায়। ২ ঘণ্টা বিদ্যুতের থামে আটকে থাকেন লাইনম্যান সিহাবুর।
খবর পেয়ে আমতলী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে তাকে মারাত্মক আহত অবস্থায় সেখান থেকে উদ্ধার করে। পরে সেখান থেকে সরাসরি তাকে বরিশালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়।
পল্লী বিদ্যুৎ আমতলী এলাকা কার্যালয়ের সহকারী প্রকৌশলী জিয়া উদ্দিন তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘লাইনম্যান সিহাবুর পা পুড়ে গেছে।’
আমতলী ফায়ার সার্ভিসের ষ্টেশন ইনচার্জ হারুন অর রশিদ বলেন, ‘ঘটনাস্থল থেকে আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’ শেবাচিম হাসপাতালে কর্তব্যরাত চিকিৎসক ব্যস্ত থাকায় এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।
কেএ/বার্তাবাজার