ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণঘাতী করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে দুই রোগী বাড়ি ফিরেছেন। রোববার (২৬ এপ্রিল) বিকেল ৫টার দিকে জেলার বক্ষব্যাধি হাসপাতালের আইসোলেশন থেকে তাদেরকে ছাড়পত্র দেওয়া হয়। এর আগে তারা এই হাসপাতালের আইসোলেশনে ছিলেন।
জেলার করোনা আইসোলেশন কেন্দ্র থেকে জানা গেছে, গত ১০ এপ্রিল আখাউড়ার এক নারী করোনা শনাক্ত হন। পরে তাকে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া বক্ষব্যাধি হাসপাতালে গঠিত করোনা আইসোলেশন কেন্দ্রে নিয়ে আসা হয়। সেখানে ১৬ দিন চিকিৎসা নেওয়ার পর তার দুই দফায় পরীক্ষায় করোনা নেগেটিভ আসে।
এদিকে গত ১৭ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ১৮ বছর বয়সী এক যুবকের করোনা শনাক্ত হয়। পরে তাকেও বক্ষব্যাধি হাসপাতালের আইসোলেশনে আনা হয়। ৯ দিন চিকিৎসা নেওয়ার পর তার দুই দফায় করোনা নেগেটিভ আসে।
সিভিল সার্জন কার্যালয়ে মেডিকেল অফিসার মাহমুদুল হাসান বলেন, দু’জনকে ছাড়পত্র দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। তাদের প্রথম নমুনা পরীক্ষায় দুইজনের পজিটিভ এসেছিল। তাই তাদেরকে আইসোলেশনে আনা হয়েছিল। পরে দুই দফায় নমুনা পরীক্ষায় তাদের নেগেটিভ আসে। তবে শুরু থেকেই তাদের কারো মাঝেই করোনার কোনো উপসর্গ ছিল না।
বক্ষব্যাধি হাসপাতালের আইসোলেশন কেন্দ্রের প্রধান সমন্বয়কারী ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) একরামুল রেজা বলেন, দুই দফায় নমুনা পরীক্ষায় নেগেটিভ আসায় দুই জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে আইসোলেশনে থাকা বাকি ১৭ জনের কারো মাঝেই করোনার কোনো উপসর্গ নেই।
বার্তা বাজার / ডাব্লিও.এস