করোনা ভাইরাস পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে নিজের মাটির ব্যাংকে জমানো ১৩ হাজার টাকা করোনা তহবিলে দান করেছে শ্রাবন্তী নামে নবম শ্রেণির এক ছাত্রী।
গতকাল রবিবার(২৬ এপ্রিল) দুপুরে রাজশাহীর জেলা প্রশাসক হামিদুল হকের হাতে জমানো টাকা তুলে দেন অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী শ্রাবন্তী চৌধুরী।
৯ম শ্রেণির ছাত্রীর এমন কাজে মুগ্ধতা প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন রাজশাহীর জেলা প্রশাসক হামিদুল হক
নিজের ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে জেলা প্রশাসক লিখেছেন, “”ধন্যবাদ শ্রাবন্তী, তোমার এ সহায়তা কোনও ক্ষুধার্ত মানুষের কাজে লাগবে। তোমাকে দেখে মানবতার সেবায় আরও অনেকে উদ্বুদ্ধ হবেন।”
শ্রাবন্তী চৌধুরী (১৪) জানায়, অসহায় মানুষের জন্য ত্রাণ তহবিলে অনেকেই অর্থ সহযোগিতা করছেন বলে বিভিন্ন চ্যানেলের প্রচারিত খবরে জানতে পারে সে। তা দেখে নিজেও তার মাটির ব্যাংকে জমানো টাকা ত্রাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নেয় নবম শ্রেণির এই ছাত্রী।
শ্রাবন্তীর বাবা রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাহাতাব হোসেন চৌধুরী।
তিনি বলেন, তার মেয়ে যখন মাটির ব্যাংকে জমানো ত্রাণ তহবিলে জমা দেওয়ার আগ্রহের কথা জানায় তখন তিনি উৎসাহ দেন। নিজের মেয়ের এমন আগ্রহ দেখে তিনি অভিভূত।
বার্তাবাজার/কে.জে.পি