‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করোনার সময় যে ত্রাণগুলো দিচ্ছেন, তা সাধারণ মানুষের হক। যারা অসহায় মানুষের এই হক মেরে খাচ্ছে, তারা জালেম। আর জালেমদের আল্লাহ কখনোই মাফ করবেন না। পরকালে তো শাস্তি পাবেই, এই দুনিয়াতেও তারা ক্ষমা পাবে না।’ বলে মন্তব্য করেন, জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ।
তিনি বলেন, ‘আরেকটা শ্রেণি আছে যারা দিনমজুরি করে, তাদের তো হাতে টাকা থাকার কথা না। কোথাও কোনো কাজ নাই, কেউ ঘর থেকে বের হতে পারছে না। কেউ নিজের বাসাবাড়িতে কাজের বুয়া পর্যন্ত রাখছে না। আর ত্রাণগুলো যদি মানুষ না পায়, তবে তো মানুষ না খেয়ে মরবে।
ডিপজল আরও বলেন, ‘চুরি তো সারা বছরই করে, তবে এই সময় মানুষ চুরি করবে, এটা চিন্তাও করা যায় না। এখন মানুষ এত বিপদে আছে, যারা কোনোদিন চিন্তাও করেনি মানুষের কাছে হাত পেতে খেতে হবে, তারাও আজ সাহায্যের জন্য অপেক্ষায় থাকে। কারো কাছে চাইতে লজ্জা পায়। মাথা নিচু করে কোনোমতে ত্রাণ নিয়ে চলে যায়।’
ডিপজল বলেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ত্রাণ সাধারণ মানুষের জন্য দিয়েছেন, তা সহিসালামতে মানুষের বাড়িতে পৌঁছে দেওয়া উচিত। সামর্থ্য থাকলে বরং নিজের হাত থেকে আরো কিছু বাড়িয়ে দেওয়া উচিত। এটা করলে নিজেকে সে মানুষ হিসেবে দাবি করতে পারবে। যে চুরি করছে, সে মানুষ না।’
গত বুধবার ৫০০ শিল্পী ও কলাকুশলীর জন্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পাঠিয়েছেন ডিপজল। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির মাধ্যমে সেসব এফডিসির বিভিন্ন সমিতিতে পাঠানো হয়।
বার্তাবাজার/কে.জে.পি