করোনাভাইরাসের প্রাদুর্ভাব চীনে শুরু হলেও এপ্রিলের প্রথম দিকে সবছেয়ে বেশী আক্রান্ত এবং মৃতের সংখ্যা ছিলো ইতালিতে। সময়ের সাথে যা প্রকট আকার ধারণ করে। কিন্তু সম্প্রতি দেশটিতে করোনার সংক্রমণ কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় ইতালিতে মৃত্যু হয়েছে ২৬০ জনের; যা শনিবারের তুলনায় ১৫৫ জন কম।
ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান ইতালির জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের দেওয়া হালনাগাদ তথ্যের বরাতে জানিয়েছে, রোববার ইতালিতে মৃত্যুর সংখ্যা তিনশ এর নিচে নেমে এসেছে। এর আগে সবশেষ গত ১৪ মার্চ দেশটিতে এরচেয়ে কম মৃত্যুর রেকর্ড ছিল। তাই ধারণা করা হচ্ছে, করোনা যুদ্ধে ইতালির জয় হতে চলেছে।
ইতালিতে এখন করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে মৃত্যুর সংখ্যা ২৬ হাজার ৬৪৪ জন; যা যুক্তরাষ্ট্রের প্রায় ৫৫ হাজারের পর দ্বিতীয় সর্বোচ্চ। আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯৭ হাজারের বেশি। তবে আক্রান্তদের মধ্যে ৬৪ হাজার ৯২৮ জন সুস্থ হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ।
কেএ/বার্তাবাজার