অক্সফোর্ডে করোনা ভ্যাকসিনের প্রথম পরীক্ষায় সর্বপ্রথম অংশ নেয়া স্বেচ্ছাসেবী মারা গেছেন বলে এমনই একটি খবর ছড়িয়ে পড়েছিল সামাজিক মাধ্যমে।
পরে বিবিসির স্বাস্থ্য বিষয়ক সংবাদদাতা ফারগাস ওয়ালশ জানালেন, ওই খবর ভুয়া এবং সম্পূর্ণ গুজব।
তিনি বলেন ড. এলিসা গ্রানাটো ভালো আছেন, সুস্থ আছেন। সামাজিক মাধ্যমের এই খবর পুরোটাই গুজব। এমনকি ড. গ্রানাটোর সঙ্গে রোববার সকালে স্কাইপে কয়েক মিনিট কথাও হয়েছে।
ড. গ্রানাটো বলেন, আমি খুবই ভালো আছি। আজকের সুন্দর রোদ উপভোগ করছি।
বিবিসিকে তিনি জানান, তিনি তার পরিবারের সদস্যদের সঙ্গে অনলাইনে গ্রুপচ্যাট করেছেন এবং তাদের আশ্বস্ত করেছেন যে কোথাও তার মৃত্যুর খবর দেখলে তারা যেন ঘাবড়ে না যান।
এর আগে শনিবার একটি ওয়েবসাইট থেকে তার মৃত্যুর গুজব ছড়ায়।
অক্সফোর্ড ভ্যাকসিন কর্মসূচির প্রধান প্রফেসর অ্যান্ড্রু পোলার্ড বলেন, এই ধরণের গুজব এই মহামারী মোকাবিলার চেষ্টায় সমস্যা তৈরি করবে। এমন গুজব ছড়াতে দেয়া যায় না।
জানা গেছে, ড. গ্রানাটো ইউরোপের প্রথম ব্যক্তি যার দেহে পরীক্ষামূলকভাবে করোনার ভ্যাকসিন দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে তাকে টিকা দেয়া হয়। এরপর রোববার সকালে ভ্যাকসিন সেন্টারে গবেষকরা তাকে পরীক্ষা করেন এবং তার শরীর থেকে রক্তের নমুনা নেন।
বার্তাবাজার/কে.জে.পি