‘উহানে আর কোনও করোনা আক্রান্ত রোগী নেই’: চীন

চীনের উহান থেকে সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। আর এখন সেই উহানকে করোনা মুক্ত ঘোষণা করেছে চীন। যদিও রাজধানী বেইজিংসহ অন্যান্য স্থানে এখনও সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। তবে তা অনেক কম।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়েটার্স এ খবর জানিয়েছে।

চীনের ন্যাশনাল হেলথ কমিশনের মুখপাত্র মি ফেং বলেন, ‘২৬ এপ্রিল পর্যন্ত সর্বশেষ খবর হচ্ছে, উহানে করোনা রোগীর সংখ্যা শূন্য। এর জন্য উহান ও সারাদেশের স্বাস্থ্যকর্মীদের যৌথ প্রচেষ্টাকে ধন্যবাদ।’

সরকারি হিসাব অনুসারে, উহানে এ পর্যন্ত ৪৬ হাজার ৪৫২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, যা গোটা চীনে মোট রোগীর প্রায় ৫৬ শতাংশ। উহানে মারা গেছেন ৩ হাজার ৮৬৯ জন, যা চীনে মোট মৃত্যুর প্রায় ৮৪ শতাংশ।

দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৮৩ হাজার ৯০৯ জন, মারা গেছেন ৪ হাজার ৬৩৬ জন। শনিবার নতুন করে ১১ জন করোনা রোগী শনাক্তের কথা জানিয়েছিল চীনা কর্তৃপক্ষ।

করোনা মহামারির কারণে গত জানুয়ারি মাসের শেষ দিকে লকডাউন নির্দেশনা জারি করা হয় উহানসহ গোটা হুবেই প্রদেশে। বন্ধ করে দেয়া হয় সবধরনের যান, কলকারখানা, বিমান চলাচল। জরুরি নিত্যপণ্য কেনা ছাড়া বাইরে বের হওয়ায় দেয়া হয় কড়া নিষেধাজ্ঞা।

মহামারির প্রকোপ নিয়ন্ত্রণে আসায় সম্প্রতি লকডাউন তুলে নিয়েছে উহান কর্তৃপক্ষ। তবে বহিরাগতদের এখনও পরীক্ষা ছাড়া শহরে ঢুকতে দেয়া হচ্ছে না। কারণ, বাকি অঞ্চলগুলোতে সংক্রমণ কমে গেলেও উত্তরপূর্বাঞ্চলীয় হেইলংজিয়াং প্রদেশে রাশিয়াফেরত নাগরিকদের মাধ্যমে করোনা রোগীর সংখ্যা বাড়ছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর