অসহায়দের মাঝে নিজ অর্থায়নে ইফতার বিতরণ করলেন মঞ্জুরুল আলম রাজীব

হাদীসে এসেছে, কেউ যদি রমজান মাসে কোনো রোজাদারকে ইফতার করায়, তাহলে ঐ ইফতার করানোটা তার গুনাহ মাফের ও জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে এবং সে একটি রোজার সওয়াব পাবে অথচ রোজা পালনকারীর নেকী মোটেই কমানো হবে না।

রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর এই প্রদর্শিত পথ অনুসরণ করে রবিবার (২৬ এপ্রিল) ঢাকার সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব অসহায় ও দুঃস্থ রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেন। বৃষ্টিস্নাত বিকালে সাভার উপজেলা পরিষদ চত্বরে নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায় পরিবারের কয়েকশত সদস্যরা ইফতার এর প্যাকেট গ্রহন করেন।

ছবি:বার্তাবাজার।

এব্যাপারে মঞ্জুরুল আলম রাজীব বলেন, করোনাভাইরাস সংক্রমণের কারণে সারা দেশে লকডাউন চলছে। এমতাবস্থায় যারা হতদরিদ্র মানুষ আছেন যেমন- রিক্সাওয়ালা, ঠেলাগাড়ি চালক এবং বিভিন্ন শ্রমজীবী মানুষ তারা সহ আরো অনেকেই আছেন যারা ইচ্ছা থাকলেও ইফতার সামগ্রী কিনতে পারছেন না।
ছবি:বার্তাবাজার।

তাদের জন্য মাসব্যাপী এই ইফতারের আয়োজন করেছি। এটা রমজানের শেষ দিন পর্যন্ত চালিয়ে যাবো ইনশা আল্লাহ। এখন থেকে প্রতিদিনই যতোজন রোজাদার এখানে আসবেন, তাদের ইফতারের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ।

ইফতার সামগ্রী বিতরণের সময় মঞ্জুরুল আলম রাজীব এর সাথে আরো উপস্থিত ছিলেন- ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাসুদ চৌধুরী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক প্রমুখ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, পবিত্র কুরআনের বিভিন্ন স্থানেও মহান আল্লাহপাক ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য দানের আদেশ দিয়েছেন এবং উৎসাহিত করেছেন। এব্যাপারে মহান আল্লাহ বলেন, أَوْ إِطْعَامٌ فِي يَوْمٍ ذِي مَسْغَبَةٍ، يَتِيمًا ذَا مَقْرَبَةٍ، أَوْ مِسْكِينًا ذَا مَتْرَبَةٍ- ‘অথবা ক্ষুধার দিনে অন্নদান কর ইয়াতীম নিকটাত্মীয়কে অথবা ভূলুণ্ঠিত অভাবগ্রস্তকে’ (বালাদ ৯০/১৪-১৬)।

অন্যত্র আল্লাহপাক এরশাদ করেন, وَيُطْعِمُوْنَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِيْنًا وَيَتِيْمًا وَأَسِيْرًا ‘নিশ্চয়ই মুমিনরা আল্লাহর প্রতি ভালবাসার টানে খাদ্য দান করে অভাবী, ইয়াতীম ও কয়েদীদেরকে’ (সুরা দাহর ৭৬/৮)। তাই ক্ষুধার্ত দরিদ্র ব্যক্তিকে খাদ্য দানের মাধ্যমে মহান আল্লাহর নির্দেশ পালনকারী বান্দা হিসাবে গণ্য হওয়া সম্ভব।

এই দৃষ্টিকোণ থেকে, দেশের এই ক্রান্তিলগ্নে এবং পবিত্র রমজান মাসে হতদরিদ্র মানুষকে ইফতার তথা খাবার বিতরণের মাধ্যমে সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন- এমনটি জানিয়েছেন সাভারের সর্বস্তরের সাধারণ মানুষ।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর