যশোর জেলা অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা

যশোর জেলাকে আগামীকাল সোমবার (২৭শে এপ্রিল) সকাল ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে।পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত লকডাউন বলবৎ থাকবে।

রবিবার(২৬শে এপ্রিল) বিকাল চারটায় যশোর জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করেন।নভেল করোনা ভাইরাস শনাক্তের সংখ্যা বেড়ে যাওয়ার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ রবিবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) জেনোম সেন্টার থেকে সন্দেহভাজন রোগীদের নমুনা পরীক্ষায় যে ফল সরবরাহ করা হয়,তাতে যশোরের ১৪ ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত বলে নিশ্চিত করা হয়। এখন পর্যন্ত যশোর জেলায় মোট ৩০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

অবনতিশীল পরিস্থিতিতে জেলা ‘করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটি’র সভা আজ সকাল সাড়ে দশটায় যশোর সার্কিট হাউজে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়।

যশোর জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ এতে সভাপতিত্ব করেন। এ সভায় অন্যদের মধ্যে অংশ নেন যশোর জেলার পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন,করোনা সংক্রান্ত সেনা তৎপরতায় যশোরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লেঃ কর্নেল নিয়ামুল, সিভিল সার্জন ডাঃ শেখ আবু শাহীন, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ দীলিপ কুমার রায়সহ প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা।

এ সভায় উপস্থিত কর্মকর্তারা করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দ্রুত বেড়ে যাওয়ায় সম্ভাব্য করণীয় হিসেবে যশোর জেলাকে লকডাউন ঘোষণার পক্ষে মতামত দেন।জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মতামতের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আজ বিকালে যোগাযোগ করা হলে যশোর জেলা প্রশাসক বার্তা বাজার কে বলেন, লকডাউনের সিদ্ধান্ত হয়েছে, যা আগামীকাল সোমবার সকাল ছয়টা থেকে কার্যকর হবে। লকডাউনের আওতায় থাকবে গোটা যশোর জেলা।
তিনি আরো বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত ব্যক্তির সংখ্যা দিন দিন বাড়ছে।

অথচ কোনো ভাবেই মানুষকে সরকারি নির্দেশনা অনুযায়ী শৃঙ্খলার মধ্যে আনা যাচ্ছে না। সেই কারণে আরো কঠোর পদক্ষেপ হিসেবে এ জেলাকে লকডাউন করা হচ্ছে।এবং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত লকডাউন বলবৎ থাকবে। জরুরি সেবা যেমন অ্যাম্বুলেন্স, হাসপাতাল, ওষুধের দোকান, কাঁচাবাজার, নিত্যপণ্যের দোকান, কৃষি সংক্রান্ত বিষয়াদি যেমন সার, বীজ, কীটনাশকের দোকান, ফুয়েল স্টেশন প্রভৃতি লকডাউনের আওতামুক্ত থাকবে।

ছবি:বার্তাবাজার।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর