এডিট করে কিম জং উনের মৃত্যুর ভুয়া ছবি ছড়ানো হয়েছে!

কয়েক দিন আগে শোনা গিয়েছিল যে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা গুরুতর। এবার তার মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সত্যিই কি গত হয়েছেন উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার কিম জং উন?

সোশ্যাল মিডিয়ায় হংকং-এর এক সংবাদমাধ্যমের খবরের ছবি ছড়িয়ে পড়তেই তুমুল সেই জল্পনা। কিন্তু আশ্চর্যজনক ভাবে কিম জং উনের ‘দেহের’ যে ছবি প্রকাশ করে হংকং-এর সংবাদমাধ্যমটি, তার সঙ্গে অদ্ভুত মিল আরও একটি ছবির।

কিম জং উনেরই বাবা কিম জং ২-এর শেষযাত্রার একটি ছবির সঙ্গে বেশ মিল পাওয়া যাচ্ছে সাম্প্রতিক কিম-এর দেহের ছবিটির।

কিম জং ২-এর দেহের ছবিটি যদি জুম করে দেখা যায়, বালিশ, গোলাপফুল, চাদর সবকিছুই ভাইরাল হওয়া কিম জং উনের ছবির সঙ্গে হুবহু মিলে যায়। সেই পর্যন্ত না হয় কাকতলীয় হতে পারে। তবে আরও ভাল করে নজর দিলে দেখা যাবে দুটি ছবিতেই মাথার ঠিক পাশের অংশেই দুটি গোলাপ। আর সেই দুটি গোলাপের মাঝখান দিয়েই দেখা যাচ্ছে দূরে হালকা রঙের থামের আবছায়া। ফলে ছবিটি এডিট করে তৈরি করার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না।

১১ এপ্রিলের পর থেকে সে ভাবে কোনও খবরও মেলেনি কিম-এর। তাই আরও প্রবল হয় সেই জল্পনা। চিনের একাধিক সংবাদসংস্থাও দাবি করছে ছবিটি সত্য। কিন্তু নর্থ কোরিয়ার উপর নজরদারি রাখা গোয়েন্দাদের প্রকাশিত উপগ্রহ চিত্র বলছে অন্য কথা। সেখানে দেখা যাচ্ছে গত ২১ এপ্রিল থেকে ২৩ এপ্রিল দেশের পূর্ব উপকূলের সৈকত শহরের স্টেশনে দাঁড়িয়ে কিমের ব্যক্তিগত ট্রেন। ফলে, কিম-এর মৃত্যুর খবর আদতে গুজব কিনা তাই নিয়ে বাড়ছে জল্পনা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর