চট্টগ্রামের কাপ্তাইয়ে খালের ময়লা পানিতে ঝাঁপিয়ে পড়ে কুকুর ছানাকে বাঁচালেন সিএমপি’র এসএএফ শাখার কনস্টেবল রাজিব কুমার রায়। ময়লা গিজগিজে খালে ঝাঁপিয়ে পড়ে কুকুর ছানাকে উদ্ধারের কিছু ছবি ছড়িয়ে পড়ে ফেসবুকে।
তিনি জানান, গোলাপের দোকান এলাকার চেকপোস্টে দায়িত্ব পাল করছিলেন। হঠাৎ পাশের নোংরা খালে ঝপ করে কিছু একটা পড়ার শব্দ শুনতে পান। জিনিসটি কি বুঝতে পেরেই খালে ঝাঁপিয়ে পড়েন তিনি। সাঁতরে গিয়ে একটি পলিথিনের ভেতর থেকে উদ্ধার করলেন একটি কুকুর ছানা। আর ওই সময় খালের পাড়ে দাঁড়িয়ে আছে মা কুকুর।
স্থানীয় বাসিন্দারা জানান, ওই পুলিশ সদস্য খালে নেমে বাচ্চা কুকুরটিকে উদ্ধার করে মা কুকুরের কাছে রেখে দেন। ওইখানে অনেকেই ছিল, কিন্তু কারো মাথায় কুকুরটিকে উদ্ধারের কথা মাথায় আসেনি। ওই পুলিশ সদস্য মানবিক দৃষ্টিকোণ থেকে এমনটা করেছেন।
কনস্টেবল রাজিব কুমার রায় বলেন, পলিথিনের ভেতরে নড়াচড়া দেখে বুঝতে পারি জীবিত কিছু। এ কারনেই ঝাঁপিয়ে পড়ি। পরে দেখতে পাই সেটি একটি কুকুর ছানা। হোক না সেটি কুকুর ছানা, জীবন তো।
কনস্টেবল রাজিব কুমার রায় ২০১৬ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। । তিনি সিএমপি’র এসএএফ শাখার কনস্টেবল হিসেবে দামপাড়া পুলিশলাইনসে আছেন।
বার্তাবাজার/কে.জে.পি