করোনা ভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে জরুরি চিকিৎসা সরবরাহের দ্বিতীয় চালানটি বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করেছেন, ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ।
চিকিৎসা সরবরাহের দ্বিতীয় চালানটিতে রয়েছে এক লাখ হাইড্রক্সিক্লোরোকুইন ট্যাবলেট ও ৫০ হাজার জীবাণুমুক্ত সার্জিক্যাল ল্যাটেক্স গ্লাভস।
রোববার(২৬ এপ্রিল) ঢাকায় ভারতীয় হাইকমিশনের দেয়া এক বার্তায় জানানো হয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক সংকটের সময়ে প্রতিবেশী দেশ ভারতের প্রয়োজনীয় চিকিৎসা সরবরাহ, প্রতিরক্ষামূলক সরঞ্জাম পাঠানোয় প্রশংসা করেন।
ভারতীয় হাইকমিশনের বার্তায় আরও বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণায় ভারতের ১০ মিলিয়ন ডলার প্রাথমিক সহায়তা নিয়ে সার্ক কোভিড-19 তহবিল গঠন করা হয়। এই তহবিলের অধীনে ৩০ হাজার সার্জিক্যাল মাস্ক এবং ১৫ হাজার হেড-কভার সমন্বিত জরুরি চিকিৎসা সহায়তার প্রথম চালান গত ২৫ মার্চ ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের কাছে হস্তান্তর করা হয়।
এছাড়াও, ভারতের স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞরা সার্ক দেশগুলোর স্বাস্থ্যসেবা দানকারীদের জন্য স্বল্প দৈর্ঘ্য ওয়েবিনার আকারে ই-আইটিইসি প্রশিক্ষণ মডিউল ডিজাইন করেছেন। ১৭ থেকে ২১ এপ্রিল অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস রায়পুর এই অনলাইন কোর্সটি পরিচালনা করে। যাতে বাংলাদেশের ৯০ জন স্বাস্থ্যকর্মী অংশ নেন।
বার্তাবাজার/কে.জে.পি