আলফাডাঙ্গায় করোনা আক্রান্ত ব্যক্তির পরিবারের সদস্যরা করোনামুক্ত

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার একমাত্র করোনা আক্রান্ত রোগীর পরিবারের ৭ সদস্য করোনার শিকার হননি। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ওই পরিবারের সব সদস্যের নমুনা পাঠানো হয়েছিল। সেখান থেকে পাঠানো রিপোর্টে তাদের শরীরে করোনা নেগেটিভ এসেছে।

আজ (রবিবার) সকালে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হাসান বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেছেন। এতে লকডাউনে থাকা ওই রোগীর বাড়ির বাসিন্দাসহ এলাকাবাসীর মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তির বাড়ি গোপালপুর ইউনিয়নের পবনবেগ গ্রামে। আক্রান্ত ৩৫ বছরের ওই যুবক ঢাকার একটি প্রতিষ্ঠানে সিকিউরিটি গার্ডের চাকরী করতেন। তিনি সেখান থেকে গত ১৮ এপ্রিল বাড়িতে আসেন। খুসখুসে কাশিসহ করোনা আক্রান্তের উপসর্গ থাকায় ২১ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলজি বিভাগের কর্মীরা তার নমুনা সংগ্রহ করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ২২ এপ্রিল ফলাফলে তার করোনা পজেটিভ এসেছে। পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসায় ওইদিন রাতেই রোগীকে নিজ বাড়ী থেকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সযোগে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এরপর উপজেলা প্রশাসন তার বাড়ী লকডাউন ঘোষণা করে। অন্যদিকে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আক্রান্তের স্ত্রী, সন্তানসহ পরিবারের সাত সদস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রিপোর্টে তাদের প্রত্যেকের শরীরে করোনা নেগেটিভ এসেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হাসান বলেন, রোগীর পরিবারের ৭ সদস্যের নমুনা সংগ্রহ করে আমরা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রো বায়োলজি বিভাগে পরীক্ষার জন্য প্রেরণ করেছিলাম। আল্লাহর রহমতে সকলের নেগেটিভ রিপোর্ট পাওয়া গেছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর