উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে নতুন করে আরও একজন বৈশ্যিক মহামারী করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। এ নিয়ে জেলায় মোট করোনাভাইরসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৮ জনে।
রবিবার (২৬ এপ্রিল) বিকাল সাড়ে ৪ টায় সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান আইইডিসিআরের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।
আক্রান্ত ব্যক্তির বাসা বালিয়াডাঙ্গী উপজেলায়। তার বয়স ২৭ বছর। তবে তিনি কিভাবে করোনা আক্রান্ত হলেন এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি। ওই উপজেলায় এই প্রথম করোনা আক্রান্ত রোগী পাওয়া গেল।
এরআগে গত মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টায় এক যুবতী, গত শনিবার (১৮ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ ফেরত এক যুবক, শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় ৭ বছরের কন্যা শিশুসহ ২ জন এবং শনিবার (১১ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ ফেরত ৩ যুবকের শরীরে করোনা শনাক্তের খবর আইইডিসিআরের বরাত দিয়ে নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান।
বার্তা বাজার/এম.সি