মসজিদ বন্ধ করা হয়নি, নামাজ হচ্ছে এবং হবে: ধর্ম প্রতিমন্ত্রী

মহামারি করোনা ভাইরাস চলাকালীন সময়ে মসজিদ খোলা রাখা ও তারাবি নামায পড়া প্রসঙ্গে ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ বলেছেন, দেশের কোনো মসজিদই বন্ধ না। মসজিদ খোলা ছিল, আছে এবং থাকবে। মসজিদে তারাবির নামাজও চলমান থাকবে।

এক ভিডিও বার্তায় রোববার (২৬ এপ্রিল) তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা করোনা থেকে সুরক্ষার জন্য ওয়াক্তের নামাজের ক্ষেত্রে ৫ জন ও জুম্মার নামাজে ১০ জন মুসুল্লী অংশ নেয়ার কথা বলেছিলাম। জুম্মার নামাজে শর্ত মেনে ১০ জন উপস্থিত থাকবেন এশা ও তারাবিতেও সেই সংখ্যক মানুষই উপস্থিত থাকবেন। দু’জন কোরআনে হাফেজ সম্পূর্ণরূপে খতম তারাবি পড়বেন। তবে তারাবি কিছুটা সংক্ষেপ করা হবে।

এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়াল ১৪৫ জনে। আক্রান্ত হিসেবে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৪১৮ জন। এতে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা হয়েছে পাঁচ হাজার ৪১৬। এছাড়া নতুন করে সুস্থ হয়েছেন আরও নয়জন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ১২২ জনে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর