আজ থেকে দিনাজপুরে করোনাভাইরাস পরীক্ষা শুরু

বিশ্বজুড়ে মহামারী আকার ধারণ করা করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে আজ (রবিবার) থেকে দিনাজপুরে করোনা পরীক্ষা শুরু হয়েছে। প্রতিদিন গড়ে ৯৪জন ব্যক্তির করোনারভাইরাসের পরীক্ষা করা সম্ভব হবে বলে জানিয়েছেন দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ।

আজ রবিবার (২৬ এপ্রিল) দুপুরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত আরটি পিসিআর ল্যাবের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর মেশিন চালু হওয়ার ফলে প্রতিদিন ৯৪টি ও ২৪ ঘন্টায় ১৮৮টি নমুনা পরীক্ষা করা হবে। পিসিআর মেশিন উদ্বোধনের পর জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি সাংবাদিকদের বলেন, এই পিসিআরের মাধ্যমে বৃহত্তর দিনাজপুর, ঠাকুরগাও, পঞ্চগড় ও নীলফামারী জেলায় আক্রান্তদের নমুনা পরীক্ষা দ্রুত করা হবে।

তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘এই পিসিআর মেশিন বসানোর কারণে দিনাজপুরসহ ৪টি জেলার মানুষ সুবিধা পাবে। এখন থেকে আর রংপুরে পরীক্ষা করার জন্য নমুনা পাঠাতে হবে না। দিনাজপুরে করোনাভাইরাস পরীক্ষার মেশিনটি বসানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি দিনাজপুরবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

এ সময় দিনাজপুর সিভিল সার্জন আব্দুল কুদ্দস বলেন, ‘আমরা আগে করোনাভাইরাস পরীক্ষার নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজে পাঠাতাম। এ পর্যন্ত ৪১২টি নমুনা পাঠানো হয়েছিল। এর মধ্যে ২৭৫টির ফলাফল পাওয়া গেছে এবং ১৪ জনের পজেটিভ পাওয়া গেছে। দিনাজপুরে এই পিসিআর মেশিন আক্রান্তদের দ্রæত ফলাফল দিবে এবং চিকিৎসা দ্রুত করার সুবিধা পাবে এই অঞ্চলের মানুষ।

পিসিআর মেশিন উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শিবেশ সরকার, হাসপাতালের পরিচালক ডা. নির্মল চন্দ্র দাস উপস্থিত ছিলেন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর