হবিগঞ্জে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চা-শ্রমিক পরিবারের এক শিশুর মারা গেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৮টায় সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্বাস্থ্য বিভাগ বলেন, করোনা আক্রান্ত হয়ে জেলার চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানের আভাস তন্তবায় নামে ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এটিই দেশে প্রথম কোন শিশুর মৃত্যু।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র বলেন, শনিবার সন্ধ্যার কিছু আগে শিশুটি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এসে করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি হয়। পাঁচ বছরের এ শিশুটি দীর্ঘদিন থেকে লিভারের সমস্যায় ভুগছিল।
এ সমস্যা নিয়ে তার পরিবার সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বেশ কয়েকটি হাসপাতালে চিকিৎসা নিয়েছে। ওইসব হাসপাতাল থেকে শিশুটি করোনা আক্রান্ত হতে পারে।
ডা. মোহন্ত জানান, বিকেলে হবিগঞ্জ থেকে ফোন করে জানানো হয়, করোনা আক্রান্ত একটি শিশুকে সিলেটের পাঠানো হচ্ছে। সন্ধ্যার দিকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে পৌঁছার কিছুক্ষণ পরই সে মারা যায়।
স্বাস্থ্য অধিদফতর সিলেটের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. আনিসুর রহমান বলেন, শিশুটির মরদেহ সংক্রমণবিধি অনুযায়ী দাফনের ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।
বার্তাবাজার/এমকে