আদালত বন্ধ রাখার দাবীতে প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি

চলমান করোনা পরিস্থিতিতে আদালতের সাথে জড়িত সবার জীবনের নিরাপত্তা ও সুরক্ষার খাতির আদালত বন্ধ রাখার জন্য প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি দিয়েছেন সাধারণ আইনজীবী অধিকার সংরক্ষণ পরিষদ।

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ৩০১ জন সদস্যের অনুমতি নিয়ে রোববার(২৬ এপ্রিল) প্রধান বিচারপতির কাছে এই স্মারকলিপি জমা দেন পরিষদটির সমন্বয়ক এস এম জুলফিকার আলী জুনু।

স্মারকলিপিতে বলা হয়েছে- করোনা ভাইরাস মহামারি থেকে সুরক্ষার জন্য ইতোমধ্যে সকল ধরনের প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। এ দুর্যোগময় অবস্থায় সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক প্রজ্ঞাপনের মাধ্যমে সীমিত আকারে বিচার বিভাগ খুলে দেয়ার নির্দেশনা দিয়েছিলেন। যদিও সেটি শনিবার (২৫ এপ্রিল) অপর এক প্রজ্ঞাপনে সোমবার (২৭ এপ্রিল) পর্যন্ত স্থগিত করা হয়, যা আমরা আইনজীবী হিসেবে প্রতিপালন করতে বাধ্য।’

‘কিন্তু দুঃখজনক হলেও এটা অনিবার্য সত্য যে, বর্তমানে কোর্ট অঙ্গন খোলা থাকলে এর সঙ্গে সম্পৃক্ত সকল আইনজীবী, মক্কেল ও কলাকুশলীদের করোনাভাইরাসে আক্রান্ত হবার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে। যার ফলে আইনজীবী, মক্কেল ও কলাকুশলীরা সপরিবারে মৃত্যুমুখে পতিত হতে পারে। তাই জরুরি ভিত্তিতে আমরা আইনজীবী সমাজকে করোনার ভয়াল থাবা থেকে রক্ষা ও আদালত-সংশ্লিষ্ট সকল স্তরের কর্মকর্তা, কর্মচারী, আইনজীবী, সহকারী, মোয়াক্কেল, নিরাপত্তাকর্মীদের জীবন বাঁচাতে বার কাউন্সিল, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীদের সঙ্গে পরামর্শ ও আলোচনা করে সকলের মতামত নিয়ে কোর্ট বন্ধ রাখার অনুরোধ জানাচ্ছি।’

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর