বাংলাদেশ করোনা সুরক্ষায় সবচেয়ে পিছিয়ে আছে: ইউএনডিপি

মহামারি করোনায় দেশের নাগরিকদের সুরক্ষার ক্ষেত্রে এশিয়া অঞ্চলের ১৮টি গুরুত্বপূর্ণ দেশের মাঝে বাংলাদেশ পিছিয়ে আছে বলে জানিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। সংস্থাটির এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক কার্যালয় থেকে প্রকাশিত একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চলতি এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত আটট বিষয়ের উপর নির্ভর করে প্রতিটা দেশের নেয়া উদ্যোগকে তুলনা করে এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।

এই ৮টি বিষয় হচ্ছে-সুলভ স্বাস্থ্যসেবা বাড়ানো, অসুস্থতাকালীন ছুটির সময় পর্যাপ্ত ভাতা ও সুবিধা, চাকরিচ্যুতি ঠেকানো এবং চাকরিহারা মানুষকে সহায়তা দেয়া, বয়স্ক, বেঁচে ফেরা ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ভাতার ব্যবস্থা করা, নাগরিকদের আয়-সহায়তা জোগানো ও পরিবারকে সেবা দেয়ার প্রয়োজনে ছুটি বা অন্য সুবিধার নীতি, এছাড়া কর এবং সামাজিক সুরক্ষা খাতের প্রদেয় মেটানোর ক্ষেত্রে প্রতিষ্ঠানকে সুবিধা দেয়াও বিষয়টিও দেখা হয়েছে।

প্রতিবেদনে দেয়া তুলনামূলক চিত্রের ছকমতে, বাংলাদেশ সরকার শুধু বয়স্ক ও প্রতিবন্ধীদের ভাতা দেয়ার ক্ষেত্রে পদক্ষেপ নিয়েছে। অবশ্য সেখানে এটাও বলা হয়েছে যে ছকে দেশগুলোর কোনো পদক্ষেপ বাদও পড়ে থাকতে পারে।

এ বিষয়ে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী এনামুর রহমান জানান, বাংলাদেশ সরকার নাগরিকদের স্বাস্থ্য ও সামাজিক–অর্থনৈতিক সুরক্ষার জন্য সব রকম পদক্ষেপই নিয়েছে। তিনি বলেন, গরিব মানুষকে খাবার ও কোভিড-১৯–এর লক্ষণ দেখা দিলে সঠিক চিকিৎসাসহ কোনো উদ্যোগে ঘাটতি নেই।

প্রতিবেদনের ছক অনুযায়ী, সবচেয়ে বেশি পদক্ষেপ নিয়েছে ফিলিপাইন, ইরান ও থাইল্যান্ড। এ দেশগুলো সাত ধরনের ব্যবস্থা নিয়েছে। ছয় ধরনের পদক্ষেপ নিয়েছে চীন, সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়া। পাঁচ ধরনের পদক্ষেপ নিয়েছে জাপান, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ভারত।

ভারত ছাড়া দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কা চারটি এবং নেপাল ও পাকিস্তান তিনটি করে পদক্ষেপ নিয়েছে। শেষের দুটি দেশ বাংলাদেশের চেয়ে বাড়তি হিসেবে নাগরিকদের জন্য আয়ের সহায়তা দিয়েছে। ভারত ও শ্রীলঙ্কা চাকরির সুরক্ষা দিয়েছে। ভারত প্রতিষ্ঠানের কর দেয়ার ক্ষেত্রে সহায়ক ব্যবস্থাও করেছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর