করোনার মধ্যে গাজীপুরের শ্রীপুরে ১১টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে ঘরে শিকলবন্দি আব্দুল কাদিরের মেয়ে মানসিক প্রতিবন্ধী আসমা খাতুনের (৩৫) পুড়ে মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে শ্রীপুর পৌর এলাকার কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের আউয়ালের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা মো. শাহ্জাহান বলেন, আসমা খাতুন বেশ কয়েকবছর ধরে মানসিকভাবে অসুস্থ। তিনি কাউকে কিছু না বলে হঠাৎ বাড়ি থেকে বের হয়ে যেতেন। এছাড়াও বিভিন্ন সময় অস্বাভাবিক আচরণ করতেন। তাই আসমাকে ঘরের ভেতর শিকল দিয়ে আটকে দরজায় তালা লাগিয়ে রাখা হতো। শনিবার রাত ১২টার দিকে আসমাকে তালাবদ্ধ করে রাখা ঘরে আগুন লাগে। পরে তাকে অনেক চেষ্টার পরও বাঁচানো সম্ভব হয়নি।
শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার রাম প্রাসাদ পাল বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।
বার্তাবাজার/এমকে