শেরপুর জেলার করোনা রোগী শনাক্তকরণে নমুনা পরীক্ষা ৫ দিন ধরে করা হচ্ছে না বলে জানা গেছে। সেগুলো করার কথা ছিল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে। অথচ এই পর্যন্ত শেরপুর জেলাতেই মোট ২৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
শনাক্তকৃত ২৪ জনের মাঝে ৫ জন সুস্থ হয়েছেন। বাকী ১৯ জনের মাঝে ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ ও ঢাকায় পাঠানো হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) পর্যন্ত ১৪৭ টি নমুনা পরীক্ষার জন্য নেয়া হলেও তা এখনও করা হয়নি। এরই মাঝে এই লোকগুলো সাধারন মানুষের সংস্পর্শে যাচ্ছেন। এতে আতঙ্কে পড়ে যাচ্ছেন এলাকাবাসী।
এ বিষয়ে শেরপুরের সিভিল সার্জন ডা. একেএম আনোয়ারুর রউফ বলেন, গত ২০ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত কোনো নমুনার রিপোর্ট আমরা পাইনি। আমিন নিজে অনেকবার চেষ্টা করেছি আমার জেলার নমুনাগুলো অগ্রাধজিকারের ভিত্তিতে টেস্ট করাতে। কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ ল্যাবে শেরপুরের কোনো নমুনাই এখন পরীক্ষা করা হচ্ছে না।
তিনি আরও জানান, ময়মনসিংহ ল্যাব থেকে জানানো হয়, নমুনা বেশি হয়ে যাওয়ায় ময়মনসিংহ সদর ও জামালপুরেরগুলো শুধু টেস্ট করা হচ্ছে। তাই শেরপুরের নমুনা পরীক্ষা করা হচ্ছে না।
এ বিষয়ে জেলা প্রশাসক আনার কলি মাহবুবের সাথে কথা হলে তিনি জানান, গুরুত্বের সাথে বিষয়টা দেখছি। আমরা আপ্রাণ চেষ্টা করছি খুব দ্রুত সময়ের মধ্যে এ বিষয়টি সমাধান করার জন্য।
বার্তাবাজার/এসজে