টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অচেতন পড়েছিলেন প্যান্ট শার্ট পড়া এক যুবক। কেউ আসেনি তাকে সাহায্য করতে। করোনা আতঙ্কে কেউ ধারে কাছেও যায়নি। শনিবার (২৫ এপ্রিল) ঘটনাটি ঘটেছে মির্জাপুর উপজেলা সদরের পুষ্টকামুরী চড়পাড়া এলাকায়।
জানা যায়, অপরিচিত এই যুবককে সকাল ৭টা থেকে সন্ধ্যা পর্যন্ত রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায়। কিন্তু করোনার ভয়ে কেউ পাশে যায়নি। উদ্ধার করে কেউ নিয়ে যায়নি হাসপাতালে।
প্রত্যক্ষদর্শীদের মতে, অজ্ঞান পার্টির নেশাদ্রব্য খাইয়ে তার সর্বস্ব লুটে নিয়ে তাকে এখানে ফেলে যেতে পারে।
খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক মতিয়ার রহমান। তিনি জানান, দুর্বৃত্তরা নেশাজাতীয় দ্রব্য খাইয়ে ওই ব্যক্তিকে ফেলে রেখেছেন বলে জানতে পেরেছি। তার বাড়ি কুড়িগ্রামে। পরে তাকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয়।
বার্তাবাজার/এসজে