যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ল্যাবে আরও ২৮ জনের প্রাণঘাতী করোনায় আক্রান্ত সনাক্ত করা হয়েছে। চার জেলার ৬৬ জনের নমুনা পরীক্ষা করে ২৮ জনের করোনা পজিটিভ ধরা পড়ে। এর মধ্যে যশোর জেলার ১৫ জন রয়েছেন। এ নিয়ে যবিপ্রবির ল্যাবে ৬৫ জন করোনা রোগী শনাক্ত হলো।
রবিবার (২৬ এপ্রিল) সকালে যবিপ্রবির পক্ষ থেকে এই তথ্য প্রকাশ করা হয়।
যবিপ্রবির জিনোম সেন্টারের সহযোগী পরিচালক ও অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. ইকবাল কবীর জাহিদ বলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে শনিবার ৮ম দিনে চার জেলার ৬৬ জনের নমুনা পরীক্ষা করে ২৮ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এর মধ্যে যশোর জেলায় সবচেয়ে বেশি ১৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। ৪২ জনের নমুনা পরীক্ষা করে এই ১৫ রোগী শনাক্ত করা হয়। এছাড়া ঝিনাইদহ জেলার ১৫ জনের নমুনা পরীক্ষা করে আটজন করোনা রোগী পাওয়া গেছে। আর নড়াইলের চারজনের নমুনা পরীক্ষা করে তিনজন এবং মাগুরার পাঁচজনের নমুনা পরীক্ষা করে দুইজন করোনা রোগী শনাক্ত হয়েছে।
তিনি আরও জানান, সবমিলিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ল্যাবে মোট ৬৫ জন করোনা রোগী শনাক্ত হলো। ফলে এ পর্যন্ত যশোরে ৩০ জন, ঝিনাইদহে ১০ জন, নড়াইলে ৯ জন, চুয়াডাঙ্গায় ছয়জন, মাগুরা ও কুষ্টিয়ায় চারজন করে, এবং মেহেরপুরে দুজন করোনা রোগী শনাক্ত হলো।
বার্তাবাজার/এমকে