নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আলফাতুন (৪৫) নামে এক নারী মারা গেছে। গতকাল শনিবার (২৫ এপ্রিল) ভোরে তার মৃত্যু হয়। পরে স্থানীয় কাউন্সিলরের সহযোগিতায় লাশ দাফন করা হয়। তবে মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়নি।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১০নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন বলেন, পরিবারের ভাষ্য অনুযায়ী ওই নারী কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। পরে তার শ্বাসকষ্ট দেখা দেয়। শনিবার ভোরে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় করোনা আতঙ্কের সৃষ্টি হয়েছে। করোনা ভাইরাসের ভয়ে ওই নারীর লাশের কাছে কেউ যায়নি। খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর হিসেবে আমি গিয়ে লাশটি দাফনের ব্যবস্থা করি।
কাউন্সিলর আরও বলেন, ওই নারীর শরীর থেকে কোনও নমুনা সংগ্রহ করা হয়নি। তবে তার পরিবারের সদস্যদের করোনাভাইরাসের পরীক্ষা করা প্রয়োজন।
বার্তাবাজার/এমকে