পবিত্র মাহে রমজান উপলক্ষে মুসলিম বিশ্বকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার এক টুইটবার্তায় রমজানে সবার সুস্বাস্থ্য ও নিরাপত্তার পাশাপাশি করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণের আশাপ্রকাশ করেছেন তিনি।
টুইট বার্তায় নরেন্দ্র মোদি বলেন, ‘রমজান মুবারক! আমি সবার নিরাপত্তা, সুস্থতা ও উন্নতি কামনা করি। পবিত্র এই মাসে মহানুভবতা, সম্প্রীতি ভ্রাতৃত্ববোধের প্রাচুর্য নেমে আসুক। আমরা যেন করোনাভাইরাসের বিরুদ্ধে চলমান যুদ্ধে জয়ী হই এবং একটি স্বাস্থ্যকর বিশ্ব গড়ে তুলতে পারি।’
ভারতের কেরালা ও কর্ণাটকের উপকূলীয় এলাকাগুলোতে শুক্রবার থেকেই রোজা পালন শুরু করেছেন স্থানীয় মুসলিমরা। শনিবার থেকে শুরু হয়েছে দেশটির বাকি অংশেও।
হিন্দুস্তান টাইমস জানায়, ভারতীয় সরকার, আলেম ও মুসলিম নেতারা এবারের রমজানে সবাইকে বাড়িতেই নামাজ ও ইফতারি আয়োজনের অনুরোধ জানিয়েছেন। প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার রোধে এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানানো হয়েছে।
আপাতত কাউকে ইফতারিতে আমন্ত্রণ না জানানো এবং বাড়িতে নামাজের সময়ও এক রুমে তিনজনের বেশি না দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন দিল্লি জামে মসজিদের ইমাম সৈয়দ আহমেদ বুখারি।
ইতোমধ্যেই মসজিদের বাইরে জনসচেতনতামূলক পোস্টার লাগানো হয়েছে। এতে বলা হয়েছে, ‘করোনাভাইরাসের কারণে সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক। এ কারণে মসজিদের পরিবর্তে বাড়িতেই নামাজ আদায় করুন।’
বার্তা বাজার / ডাব্লিও.এস