নোয়াখালীতে ১০ টাকা কেজি দরের চাল আত্মসাতের অভিযোগে গ্রেফতার হওয়া দুই আওয়ামী লীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হচ্ছেন সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সদস্য ইসমাইল হোসেন ও নবীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ জাহান সাজু। এদের মধ্যে শাহ জাহান খান খাদ্যবান্ধব কর্মসূচীর চালের ডিলার ছিলেন।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মহি উদ্দিন টুকন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২১ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ক্ষেমালিকা চাকমা নবীপুর ইউনিয়নের ৬টি বাড়িতে অভিযান চালিয়ে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর ১৫ বস্তায় ৪৫০ কেজি চালসহ ইসমাইল ও শাহ জাহানকে আটক করে। পরে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অচিন্ত্য চাকমা বাদী হয়ে তাদের বিরুদ্ধে সেনবাগ থানায় একটি মামলা দায়ের করেন। দুস্থ, অসহায় মানুষের চাল বিক্রি করে দলের সম্মানহানি করায় তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।
জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মহি উদ্দিন টুকন বিষয়টি নিশ্চিত করে জানান, কেন্দ্রীয় কমিটির নির্দেশে জেলা আওয়ামী লীগের এক জরুরী বৈঠকে তাদের বহিষ্কার করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা দলের সকল ধরনের কার্যক্রম থেকে বিরত থাকবেন।
বার্তা বাজার / ডাব্লিও.এস