পুলিশের ওপর হামলার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলামকে আটক করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) রাতে উপজেলার গোকর্ণ ইউনিয়নের সূচিউড়া গ্রামের নিজ বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৯ এপ্রিল সন্ধ্যায় ধান মাড়াইকে কেন্দ্র করে গোকর্ণ ইউনিয়নের জেঠাগ্রাম ও সূচিউড়া এলাকার তিতাস নদীর পাড়ে দুপক্ষের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে আমিনুলের নির্দেশে পুলিশের ওপর হামলা চালানো হয়।হামলায় পুলিশের ৫ সদস্যসহ অন্তত অর্ধশত আহত হন। এ ঘটনায় ২০ এপ্রিল নাসিরনগর থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল হক খন্দকার বাদি হয়ে যুবলীগ সাধারণ সম্পাদক আমিনুল ইসলামকে প্রধান আসামি করে ২৬ জনের বিরুদ্ধে মামলা করেন।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আমিনুলকে রোববার (২৬ এপ্রিল) আদালতে তোলা হবে।
বার্তা বাজার / ডাব্লিও.এস