করোনা মোকাবিলায় সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, করোনা ভাইরাস মোকাবিলায় সরকার আন্তরিক হয়ে যেভাবে এগিয়ে আসার কথা ছিল সেটা করতে ব্যর্থ হয়েছে। আমরা প্রথম থেকে লক্ষ্য করেছি যে, তাদের মধ্যে প্রচণ্ড রকমের উদাসীনতা ছিল, অবহেলা ছিল।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের ক্ষতিগ্রস্ত নেতাকর্মী এবং তাদের পরিবারের জন্য ঈদ উপহার বিতরণের সময় এ অভিযোগ করেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, ‘করোনা ভাইরাস প্রতিরোধে যে সম্মিলিত উদ্যোগ নেয়ার কথা ছিল তা নিতে সরকার ব্যর্থ হয়েছে। এক কথায় তারা (সরকার) করোনা ভাইরাস মোকাবিলায় পুরোপুরি ব্যর্থতার পরিচায় দিয়েছেন। সরকারের ‘একলা চলো নীতি’, একদলীয় শাসন ব্যবস্থার যে নীতি, সেই নীতির কারণেই আজ জনগণ প্রচণ্ড ঝুঁকিতে পড়েছে, ঝুঁকির মধ্যে রয়েছে।’
মির্জা ফখরুল বলেন, ‘দুর্ভাগ্যজনক হচ্ছে যে, সত্য কথাটি আমরা জানতে পারছি না, ইনফরমেশনগুলো পাচ্ছি না। যে কথা সরকারের তরফে বলা হচ্ছে, তার সঙ্গে বাস্তবতার কতটুকু মিল সে সম্পর্কে জনগণের মধ্যে ইতিমধ্যে প্রশ্নে উঠেছে।’
অনুষ্ঠানে ছাত্রদলের নিহত তিন (নূর আলম, নুরজ্জামান, ও মাহবুবুর রহমান বাপ্পী) পরিবারের হাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ঈদ উপহার তুলে দেন মির্জা ফখরুল ইসলাম। সারাদেশে গুম-খুন-নির্যাতনে নিহত সহাস্রাধিক নেতা-কর্মীর পরিবারের কাছে এই উপহার পৌঁছিয়ে দেয়া হবে বলে জানান তিনি।
বার্তা বাজার / ডাব্লিও.এস