প্রাণঘাতী করোনা ভাইরাসের সংকট মোকাবিলায় সবাই যে যার যার অবস্থান থেকে এগিয়ে আসছে। ক্রীড়াঙ্গনের তারকারাও বসে নেই। তবে ব্যতিক্রম রিয়াল মাদ্রিদের সাবেক তারকা ফুটবলার এমানুয়েল আদেবায়োর।
ফুটবলার এমানুয়েল আদেবায়োর ফেসবুক এক লাইভের মাধ্যমে জানিয়েছেন করোনা মোকাবিলায় কোন ধরনের সাহায্য তিনি করতে পারবেন না। এসময় অনেকেই তুলে ধরেন আফ্রিকান ফুটবলের অন্যান্য তারকা খেলোয়াড় দিদিয়ের দ্রগবা, স্যামুয়েল ইতোদের মানবিক গুণাবলির কথা। এর বিপরীতেও কর্কষ জবাব দেন আদেবায়োর।
তিনি বলেন, ‘আমার সমালোচনা করছেন, ভালো কথা, করতে থাকুন। আপনারা বলছেন আমি করোনা তহবিলে কেন দান করছি না। আপনাদের উদ্দেশ্যে আমি স্পষ্ট করে বলতে চাই, আমার দান করার কোন ইচ্ছে নেই। এটা খুবই সোজাসাপ্টা কথা’।
এসময় তিনি আরো জানান, তার মাধ্যমে করোনা ছড়ায়নি দেশে তাই নিজের সম্পত্তির অংশ বিলিয়ে দেয়ার ইচ্ছাও নেই তার।
আদেবায়োরের ভাষ্য, ‘মানুষের ভাবখানা এমন যেন আমিই দেশে করোনাভাইরাস এনেছি। মানুষ এটাই ভাবছে। আমি দেশে করোনাভাইরাস আনিনি এবং এর জন্য কোন দানও করতে পারব না’।
আদেবায়োর আরো বলেন, ‘আপনারা বলছেন আমি কেন স্যামুয়েল ইতো বা দিদিয়ের দ্রগবার মতো দান করছি না। আমার কেন ফাউন্ডেশন নেই। আপনারা শুনে রাখুন, আমি অন্য কারো মতো নই। আমি আমিই, আমি নিজের মনের ইচ্ছায় সব করি। আমি শেরি এমানুয়েল আদেবায়োর। আমার স্পষ্ট কথা, আমি দান করব না। খুবই সহজ, স্বাভাবিক, সোজাসাপ্টা একটা কথা। ধন্যবাদ, ভালো থাকবেন’।
বার্তাবাজার/কে.জে.পি