ক্ষুধার জালা সইতে না পেরে মহাসড়ক অবরোধ

যশোর সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের কর্মহীন দরিদ্র মানুষেরা খাদ্য সহায়তার দাবিতে খুলনা-যশোর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

শনিবার(২৫শে এপ্রিল)দুপুর সাড়ে ১২ টায় তারা খাদ্য সহায়তার দাবিতে এ বিক্ষোভ করেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ কামরুজ্জামান দুপুর ১টার দিকে খবর পেয়ে সেনা সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় তিনি বিক্ষোভকারীদের তালিকা করে ঘরে ঘরে ত্রাণ পৌছে দেবার আশ্বাস দিয়ে তাদের ঘরে ফেরান।

বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন,আমরা প্রায় এক মাস কর্মহীন হয়ে ঘরে রয়েছি। সরকার থেকে ত্রাণের ঘোষণা দেয়া হলেও তাদের ভাগ্যে কিছুই জোটেনি। স্থানীয় মেম্বারের কাছে জাতীয় পরিচয়পত্র দিয়েও কোন লাভ হয়নি। ফলে ক্ষুধার জালা সইতে না পেরে আজ আমরা রাজপথে নেমে এসেছি।

তারা আরও বলেন, আজ আমরা অনেকে না খেয়ে রোজা রেখেছি, ইফতার কি দিয়ে করবো জানিনা। অথচ মেম্বার অন্যদের চাল-ডাল দিলেও নদীপাড়ে কাউকে কিছুই দেয়নি।

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য সাজ্জাদুল হক রিপন বলেন, আমার ওয়ার্ডে ৮ হাজার ভোটার। এর বাইরে বিভিন্ন এলাকার লোক ভাড়াটিয়া হিসেবে বসবাস করে। সব মিলিয়ে ২০ হাজার লোকের বসবাস।

সেখানে আমি বরাদ্দ পেয়েছে মাত্র ৭০ ব্যাগ ত্রাণ। এর বাইরে বিভিন্ন জায়গা থেকে সহায়তা এনে দেবার চেষ্টা করছি। কিন্তু তাও প্রয়োজনের তুলনায় অপ্রতুল। যে কারণে মানুষ ঘরের বাইরে চলে আসছে। তাদের তালিকা করা হচ্ছে। দ্রুতই তাদের ত্রাণ পৌঁছে দেওয়া হবে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর