র্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সন্ধ্যা ৬টার পর ঘরে থাকার অনুরোধ করেছেন। এই নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে র্যাব সদর দপ্তর থেকে অনলাইনে যুক্ত হয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
র্যাব মহাপরিচালক আবদুল্লাহ আল মামুন বলেন, র্যাব করোনার মুহূর্তে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে। সরকারি বিভিন্ন সংস্থাও কাজ করছে। এরপরেও সামাজিক দূরত্ব ও লকডাউন নিয়ম ভেঙে অলিতে-গলিতে জমায়েত হচ্ছে, আড্ডা দিচ্ছে। আড্ডার সংস্কৃতি বন্ধ করতে হবে। আমরা যেখানেই তথ্য পাবো, সন্ধ্যার পরে কোথাও আড্ডা, জমায়েত হলে, সামাজিক দূরত্ব মেনে চলা না হলে, সেখানেই আইনানুগ ব্যবস্থা নেবো।
তিনি বলেন, করোনায় সামাজিক দূরত্ব বজায় রাখতে র্যাবের পেট্রলিং আরো বাড়ানো হবে। কোথায় আড্ডাবাজি হচ্ছে আমাদেরকে জানান, দ্রুত সেখানে পৌঁছে যাব।
তিনি আরো বলেন, সর্বস্তরের জনগণকে আমরা আহ্বান জানাচ্ছি আপনাদের কাছে যদি মাদক সরবরাহের কোনও তথ্য থাকে তাহলে র্যাবকে জানান, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
জঙ্গি, মাদক, সন্ত্রাসী যতো অবৈধ কার্যক্রম রয়েছে তা দায়িত্বের সাথে নজরদারি করছে র্যাব। করোনাকালে ইতোমধ্যে ৩২ জন জঙ্গি, ১০৮২ জন সাধারণ অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে।আমরা বেশকিছু মাদকের চালান এই করোনার প্রাদুর্ভাবের মুহূর্তেও আটক করেছে বলেও জানান তিনি।
বার্তাবাজার/কে.জে.পি