জামালপুরের ইসলামপুরে যমুনা চরের খাস জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও একজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছে। আহতদের ইসলামপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইসলামপুর সার্কেলের এএসপি মোহাম্মদ সুমন মিয়া জানান, যমুনার বুকে জেগে ওঠা উত্তর বরুল এলাকার দুর্গম চরের প্রায় ১০০ একর খাস জমি দখল নিয়ে স্থানীয় রহিম মেম্বার ও মিন্টু মেম্বারের সঙ্গে বিরোধ চলে আসছিল।
শুক্রবার সন্ধ্যায় রহিম মেম্বার দলবল ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ওই চর দখল করতে যায়। এ সময় মিন্টু মেম্বারের সমর্থকরা বাঁধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষের সময় দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় লাঠির আঘাতে বেলাল হোসেন নামের এক যুবক ঘটনাস্থলেই নিহত ও জিগাতলা গ্রামের জালাল খন্দকার (৩০) গুলিবিদ্ধ হয়। এছাড়া সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় রাতেই আহতদেরকে ইসলামপুর ও জামালপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল শুক্রবার পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
বার্তা বাজার/এম.সি