বাংলাদেশের মানুষ কষ্টে আছে কিন্তু খাদ্যের অভাবে নেই:  খালিদ মাহমুদ

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, ‘বাংলাদেশের মানুষ কষ্টে আছে কিন্তু খাদ্যের অভাবে কেউ নেই। বাংলাদেশে যথেষ্ট পরিমাণ খাদ্য মজুদ আছে। আমাদের কৃষি প্রধান দেশের অর্থনীতি ইউরোপ আমেরিকার মত এত শক্তিশালী নয়। যদিও আমেরিকা ইতালির মত শক্তিশালী দেশে হাজার মানুষ করোনাভাইরাসে মৃত্যুবরণ করেছে। অন্য দেশের মত বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা ততটা উন্নত নয় তারপরেও আমরা এই করোনাভাইরাস নিয়ন্ত্রন করার ক্ষেত্রে অনেক সফলতা অর্জন করেছি।’

ছবি: বার্তা বাজার

আজ (শনিবার) সকাল ১১টায় দিনাজপুরের বিরল উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলার ফরাক্কবাদ ইউনিয়নে রমজান উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করার সময় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।

নৌপ্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমাদের দেশের চিকিৎসকরা সর্বসাধারণের জন্য নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। ইতোমধ্যে একজন চিকিৎসক আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আরো অনেকেই আক্রান্ত হয়েছেন। কিন্তু তারপরেও চিকিৎসকরা থেমে নেই। তারা প্রতিনিয়তই কাজ করে যাচ্ছেন। সুরক্ষা ব্যবস্থা আমাদের দেশে সংকট। গত এক মাসে আমাদের দেশের প্রান্তিক মানুষের অনেক কষ্ট হয়েছে। সবকিছু বন্ধ করা হয়েছে। এসবের একটিই কারণ, যাতে করোনাভাইরাস সবার মাঝে ছড়িয়ে না পড়ে, এটি যেনো মহামারী আকার ধারণ করতে না পারে। লক্ষ লক্ষ মানুষ যেনো মৃত্যুবরণ না করে। যেসব জায়গায় আক্রান্ত হয়েছে সেসব এলাকা লকডাউন করে মানুষকে আক্রান্তের হাত থেকে বাঁচানোর চেষ্টা করছে সরকার।’

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘সবকিছু বন্ধের কারণে প্রান্তিক মানুষরা কষ্টের মধ্যে আছেন। এজন্য বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সাড়ে  কোটি মানুষের মাঝে ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছেন। বিরল উপজেলায় যদি কেউ খাদ্য সংকটে পড়ে তাহলে অবশ্যই উপজেলা চেয়ারম্যান, ইউএনও, ওসি অথবা আমাদের নেতাকর্মীদের জানাবেন। আমরা সর্বদাই সামাজিত দূরত্ব মেনে চলব, নিজেরও বাঁচব, অন্যকেও বাঁচাব।’

আজ শনিবার পহেলা রমজান উপলক্ষে সামাজিক দূরত্ব নিশ্চিত করে বিরল-বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি ৫ হাজার দুস্থ ও অসহায় পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করেন। ইফতার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, বিরল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সবুজার সিদ্দিক সাগর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু রমাকান্ত রায় প্রমুখ।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর