প্রতিদিন বাড়ছে করোনা রোগীর সংখ্যা। থমকে আছে পুরো দেশ। প্রায় সব জেলাতেই আঘাত হেনেছে প্রাণঘাতী এই ভাইরাস। কুমিল্লা জেলায় গৃহশিক্ষকসহ শুক্রবার নতুন করে আরও পাঁচজন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৪ জনে।
শনাক্তদের মধ্যে কুমিল্লার মুরাদনগর উপজেলার দুইজন, তিতাস, দেবিদ্বার ও মনোহরগঞ্জ উপজেলায় একজন করে রয়েছেন। মুরাদনগর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. নাজমুল আলম জানান, উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল গ্রামের ও উত্তর রামচন্দ্রপুরের দুইজন পুরুষ আক্রান্ত হয়েছেন।
তিতাস উপজেলার নয়াকান্দি গ্রামের ৩০ বছর বয়সী এক নারী আক্রান্ত হয়েছেন। এছাড়া মনোহরগঞ্জের মৈশাতুয়া গ্রামের ঢাকাফেরত একজন, দেবিদ্বারে বাগুর গ্রামের করোনায় মৃত শাহাজালাল মেম্বারের বাড়ির এক গৃহশিক্ষক আক্রান্ত হয়েছেন।
কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট এক হাজার ১০৫ জনের নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে রিপোর্ট এসেছে ৭৭৭ জনের।
কেএ/বার্তাবাজার